বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার ২০২৬ সেশনের বাকি সময়ের জন্য নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। এতে সদস্যদের প্রত্যক্ষ ভোটে আব্দুল আলিম আরিফ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এবং ইব্রাহিম খলিল সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন।
রবিবার (১৯ এপ্রিল) জবি শাখার সদস্যদের নিয়ে আয়োজিত এক সদস্য সমাবেশে এই নির্বাচন ও মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মু. মুতাসিম বিল্লাহ শাহেদীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সদস্য সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ।
জানা গেছে, ২০২৬ সেশনের বাকি সময়ের জন্য শাখা সভাপতি নির্বাচনের লক্ষ্যে সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে সরাসরি ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে প্রধান অতিথি সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সর্বাধিক ভোটপ্রাপ্ত আব্দুল আলিম আরিফকে জবি শাখার নতুন সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং তাকে আনুষ্ঠানিকভাবে শপথবাক্য পাঠ করান। পরবর্তীতে নবনির্বাচিত সভাপতি আব্দুল আলিম আরিফ উপস্থিত সদস্যদের পরামর্শের ভিত্তিতে ইব্রাহিম খলিলকে শাখা সেক্রেটারি হিসেবে মনোনীত করেন।
মুজাহেদ বিল্লাহ/রিফাত/