চট্রগ্রামের সিটি কলেজে গুপ্ত রাজনীতির বিরুদ্ধে দেয়াল লিখনে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর ছাত্রশিবিরের হামলার অভিযোগে তীব্র নিন্দা ও প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে গিয়ে সমবেত হয়।
বিক্ষোভ মিছিলে ছাত্রদলকে 'শিক্ষা গুপ্ত, একসাথে চলে না', 'গুপ্তদের ঠিকানা, ইবি ক্যাম্পাসে হবে না', 'জামাত-শিবির জামাত-শিবির, গুপ্ত গুপ্ত', 'একটা একটা গুপ্ত ধর, ধইরা ধইরা ধোলাই কর', গুপ্ত পাবি যেখানে, ধোলাই হবে সেখানে', 'আমাদের ক্যাম্পাস, আমরাই গড়বো', ' ছাত্রদলের অঙ্গীকার, নিরাপদ ক্যাম্পাস' ইত্যাদি শ্লোগান দিতে শোনা যায়।
এ সময় উপস্থিত ছিলেন, শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সাবেক সভাপতি ওমর ফারুক, সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম-আহ্বায়ক আবু দাউদ, আনোয়ারুল ইসলাম, আহসান হাবিব, সদস্য রাফিজ আহমেদ, নুর উদ্দিনসহ প্রায় দুই শতাধিক নেতা-কর্মী।
এ সময় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, 'বর্তমান গুপ্ত বাহিনীকে সেই ১৪-১৫ সালের পরে শুধু ইসলামী বিশ্ববিদ্যালয়েই না, বরং সারা বাংলাদেশে কোথাও পাইনি। পরবর্তীতে তারা সাধারণ শিক্ষার্থীদের নামে বিভিন্নভাবে হল দখলের চেষ্টা করছে, নামে-বেনামে ইসলামী বিশ্ববিদ্যালয় বিভিন্ন সংগঠন গড়ে উঠেছে। সবই একই গুপ্ত, এই গুপ্তদের প্রতিরোধ আমরা করবোই করব।'
তিনি আরও বলেন, আল্লাহর কসম করে বলছি, আজকে এই মুহূর্ত থেকে আমরা এই গুপ্ত আইডির বিরুদ্ধে এবং যারা আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করবে, যারা আমাদের ছাত্রদলের নেত্রীবৃন্দকে নিয়ে কটূক্তি করবে, খোদার কসম করে বলছি, তাদের শায়েস্তা করব। কোনো শক্তি নেই তাদের বাঁচাবে।'
এ সময় শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ বলেন, দীর্ঘ ১৭ বছর যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দ রাজপথে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করেছিল, তখন এই জামায়াত-শিবির গুপ্ত রাজনীতি করে ওই ছাত্রলীগ, ওই ফ্যাসিবাদের দোসর ছিল। গুপ্ত লোকজন আজকে বাংলাদেশকে অস্থিতিশীল তৈরি করার জন্য যে মব সৃষ্টি করছে, সারা বাংলাদেশে যে হামলা চালাচ্ছে, এ ক্যাম্পাসেও যদি ওই গুপ্ত রাজনীতির কোনো ধারক-বাহক মিছিল করতে চায়, মব সৃষ্টি করতে চায়, যদি কারও ওপরে হামলা করতে চায়—তার দাঁতভাঙা জবাব বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা দেবে ইনশাআল্লাহ।'
এ বিষয়ে শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ওমর ফারুক বলেন, 'আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার উত্তরসূরী বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। তার ও তার পরিবারকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় যদি কোনো নোংরামি করা হয়, অশ্লীল স্ট্যাটাস দেওয়া হয় তাহলে আমরা এটা মেনে নেব না, এর প্রতিবাদে হয় মরবো, না হয় মারবো!
নিয়ামত/নাঈম