১৩ থেকে ১৯ বছর বয়সী কিশোর শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার আশঙ্কাজনক প্রবণতা রোধে ‘মনের যত্ন সবার আগে’ শীর্ষক বছরব্যাপী কর্মসূচির যাত্রা শুরু করতে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংঘঠন ‘মাইন্ডরিডার ফাউন্ডেশন’।
শনিবার (৯ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে অনুষ্ঠিত প্রোগ্রামটির আয়োজিত এক অরিয়েন্টেশন প্রোগ্রামে বছরব্যাপী ওই কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হয়।
এমন কর্মসূচি উল্লেখ্যযোগ্য মাইকফলক উল্লেখ করে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাহাদী-উল মোর্শেদ বলেন, ‘মাইন্ডরিডার ফাউন্ডেশনের এই উদ্যোগটি বর্তমান সময়ের জন্য অত্যন্ত সময়োপযোগী এবং প্রশংসনীয়। বিশেষ করে ১৩-১৯ বছর বয়সী কিশোর-কিশোরীদের লক্ষ্য করে সরাসরি স্কুল পর্যায়ে কর্মশালা পরিচালনার সিদ্ধান্তটি আত্মহত্যার ক্রমবর্ধমান হার হ্রাসে কার্যকর ভূমিকা রাখবে। মানসিক স্বাস্থ্য সেবাকে প্রান্তিক পর্যায়ে নিয়ে যাওয়া এবং ৯০টি প্রতিষ্ঠানে এই সচেতনতা কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়িত হলে এটি বাংলাদেশের মানসিক স্বাস্থ্যখাতে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে গণ্য হবে।’
শুভেচ্ছা ও উদ্বোধনী বক্তব্যে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোকাদ্দেস আলী বলেন, ‘শারীরিক রোগের সঙ্গে মানসিক রোগ পাল্লা দিয়ে বাড়লেও এ বিষয়ে মানুষের সঠিক ধারণা নেই। শিক্ষিত মানুষও এখনো মানসিক রোগকে জ্বীন-ভূতের আছর মনে করে কবিরাজ দেখান। অথচ লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হয়ে স্বাভাবিক জীবনে ফেরা সম্ভব। বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচনি ইশতেহারে মানসিক স্বাস্থ্যকে প্রাধান্য দিয়েছেন; আমরা তার কাছে জোর দাবি জানাই, যেন মানসিক স্বাস্থ্যসেবাকে সার্বজনীন করার যথাযথ উদ্যোগ নেওয়া হয়।’
এ সময় আরেক অতিথি ফৌজিয়া ফেরদৌস কুয়াশা উদ্যোগটির প্রশংসা করে সবাইকে সহযোগিতার আহ্বান জানান এবং প্রোগ্রাম ম্যানেজার রুবাইয়া আমিন অর্পা কিশোর-কিশোরীদের আত্মহত্যার ঝুঁকি কমাতে অনলাইন ও অফলাইন কার্যক্রম জোরদার করার পরিকল্পনা ব্যক্ত করেন।
পরে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবীদের মধ্যে টি-শার্ট বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
উল্লেখ্য, আগামী জুন ২০২৬ থেকে মে ২০২৭ পর্যন্ত এক বছরব্যাপী এই প্রকল্পের আওতায় ঢাকা ও ঢাকার বাইরে মোট ৯০টি শিক্ষা প্রতিষ্ঠানে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ইন্টারঅ্যাক্টিভ কর্মশালা পরিচালনা করা হবে। প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবীরা শিক্ষার্থীদের মানসিক চাপ মোকাবিলা, আবেগ নিয়ন্ত্রণ এবং বিশেষজ্ঞ সহায়তার বিষয়ে সরাসরি দিকনির্দেশনা দেবেন।
আরিফ জাওয়াদ/নাঈম