জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক নারী শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় প্রশাসনিক ভবন অবরোধ করে আন্দোলনরত শিক্ষার্থীরা তদন্ত কমিটিকে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে অবরোধ তুলে নিয়েছেন।
রবিবার (১৭ মে) সকাল ১০টা থেকে প্রশাসনিক ভবনে তালা দিয়ে অবরোধ শুরু করেন শিক্ষার্থীরা।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের সঙ্গে আলোচনা শেষে তারা তালা খুলে দেন।
অর্থনীতি বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী নাজিহা নাওয়ার বলেন, ‘আমরা ৬ দফা দাবিতে অনড়। এর মধ্যে প্রথম দুটি দাবি স্বল্প সময়ে বাস্তবায়ন সম্ভব। তাই প্রশাসনকে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছি। এর মধ্যে অভিযুক্তের পরিচয় শনাক্ত এবং তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ করতে হবে।’
ইতিহাস বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী লামিশা জামান বলেন, ‘উপাচার্য স্যারের সঙ্গে আলোচনা করে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।’
উপাচার্যের আশ্বাস
উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান শিক্ষার্থীদের আন্দোলনকে ন্যায্য বলে উল্লেখ করে বলেন, ‘নারী শিক্ষার্থীসহ সবার নিরাপত্তা আমাদের কাছে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা যে বিষয়ে সরব হয়েছে, তা সারা দেশের নারী নিরাপত্তার জন্যও ইতিবাচক।’
তিনি জানান, ঘটনার দায়িত্ব অবহেলা খতিয়ে দেখতে ৬০ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।
উপাচার্য আরও বলেন, ‘সরকারপ্রধান আইজিপিকে সরাসরি নির্দেশ দিয়েছেন। পুলিশসহ সংশ্লিষ্ট সবাই এ ঘটনাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছেন। আমরা আশাবাদী, অতি দ্রুত অপরাধী চিহ্নিত ও গ্রেপ্তার হবে।’
ঘটনার বিবরণ
গত মঙ্গলবার (১২ মে) রাত সোয়া ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেছা হল সংলগ্ন এলাকায় এক নারী শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ ওঠে। এ ঘটনায় মামলা হয়েছে এবং পুলিশ তদন্ত চালাচ্ছে।
শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন। প্রশাসন শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত পোষণ করে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে।
আমানউল্লাহ খান/রিফাত/