ক্যালেন্ডারের পাতা থেকে গাছ! এটি আমাদের ভাবনায় আগে কখনো আসেনি। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যম ভিত্তিক প্রতিষ্ঠান ‘হরপ্পা’র স্বত্বাধিকারী সাদিকা রুমন সেটি সম্ভব করেছেন। বনকাগজ দিয়ে তৈরি করা ক্যালেন্ডারের পাতা মাটিতে ফেললে এর ভেতর থাকা বীজ থেকে জন্মাবে গাছ। কীভাবে তার ভাবনায় এ ধারণা এসেছে তা নিয়ে এবারের আয়োজন। লিখেছেন ফারজানা ফাহমি
সাদিকা রুমন একজন প্রকৃতিপ্রেমী মানুষ। কীভাবে প্রাণপ্রকৃতির উপকার করা যায়, সে চিন্তায় তিনি সব সময় বিভোর থাকেন। বাংলা বর্ষপঞ্জি করার ইচ্ছা তার বহু দিনের। বনকাগজে করার প্রধান কারণ বনকাগজ হাতে তৈরি, পুনরুৎপাদিত ও বপনযোগ্য একটি কাগজ। এই কাগজের ভেতরে বীজ দেওয়া থাকে। ক্যালেন্ডারের পাতাগুলো যথাযথভাবে মাটিতে ফেললে তা থেকে গাছ জন্মাবে, এই যে ক্যালেন্ডারের পাতা থেকে গাছ হবে, এ ঘটনাটি হয়তো সবাইকে ভাবাবে। এই প্রেরণা থেকেই বনকাগজে বাংলা ক্যালেন্ডার তৈরি করার ভাবনা আসে তার।
সাদিকা রুমনের জন্ম টাঙ্গাইল জেলায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে পড়াশোনা সম্পন্ন করেন তিনি। পড়াশোনা করার শুরুর সময় থেকে তিনি লেখালেখি শুরু করেন। উদ্যোক্তা হওয়ার পাশাপাশি তিনি শিশুদের নিয়ে বিভিন্ন বিষয়ে বই লেখেন।
ইংরেজি মাসের নামগুলো আমরা সহজে অনর্গল বলতে পারলেও বাংলা সনের নামগুলো আমরা সঠিকভাবে বলতে পারি না। বৈশাখ মাস এলে আমরা পয়লা বৈশাখ উদযাপনে ব্যস্ত হয়ে পড়ি। বাংলা পঞ্জিকা করার পেছনে তার মূল কারণ যাতে করে সবাই এই ক্যালেন্ডারের মাধ্যমে বাংলা মাসের নামগুলো মনে রাখতে পারে। বাংলা সনের নামগুলো যেন আমাদের মধ্য থেকে হারিয়ে না যায়।
মানুষ প্রকৃতিকে ধ্বংস করছে নানাভাবে। অন্যদিকে প্রকৃতিকে ভালোবেসে কাজ করে যাচ্ছেন রুমন। পরিবেশ তাকে কেন বেশি ভাবায় এই প্রশ্নের উত্তরে রুমন বলেন, ‘যখন শিশুদের জন্য লিখি তখনো প্রকৃতির প্রতি দায়বদ্ধতা অনুভব করি। আসলে আমাদের জীবনযাপনের ধরনটা এমন হয়ে উঠেছে যে, আমরা না বুঝেই প্রকৃতির বিনাশ করে চলছি। কিন্তু আমরা চাইলেই আমাদের প্রকৃতিকে ভালো রাখতে পারি। এক্ষেত্রে ইচ্ছাটা আমাদের একান্তই নিজের।’
রুমন নিজের সচেতনতার জায়গা থেকে প্রকৃতির জন্য ভালো কিছু করতে চান। তাই তিনি ‘হরপ্পায়’ শুরুতে গহনা তৈরি করলেও এখন অব্যবহার্য কাপড় এবং পোশাক কারখানার পরিত্যক্ত কাপড় থেকে ব্যাগ তৈরি করেন। কাপড়ের ব্যাগ তৈরির কারণ হিসেবে তিনি বলেন, ‘আমরা কখনো ভাবি না, আমরা যে পোশাকটি পরছি, সেটি কতটা আবর্জনা প্রকৃতিকে উপহার দিয়ে আমাদের হাতে এসেছে কিংবা আমাদের ভোগ শেষ পর্যন্ত আবর্জনা হিসেবে প্রকৃতির কাছে কীভাবে ফিরে যাচ্ছে। কেউ যখন পরিত্যক্ত কাপড় থেকে প্রয়োজনীয় পণ্য তৈরি করবেন, তখন সেই বিষয়টি কাউকে না কাউকে ভাবিয়ে তুলবে। এই ব্যাগ পলিথিনের মতো দূষণ উপকরণের বিকল্প হিসেবেও কাজ করবে। এই দুই ভাবনাকে সমন্বয় করে ব্যাগ তৈরির উদ্যোগটি নেওয়া। আর বাংলা সনের ক্যালেন্ডার কিংবা কাপড়ের ব্যাগ তৈরি করা বিপুল লাভজনক বা লাভের উদ্দেশ্যে করা উদ্যোগ নয়। প্রকৃতির প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে করা।’
বনকাগজে তৈরি ক্যালেন্ডারগুলো তার পেজে অর্ডার করলে যে কেউ নিতে পারবে। যার প্রতি পিসের মূল্য ৫৫০ টাকা। এ ছাড়া তার পেজে রুমাল পাওয়া যায় যেগুলো তিনি ক্রেতাদের চাহিদা অনুযায়ী কাস্টমাইজ করে থাকেন। রুমাল এখন খুব কম মানুষই ব্যবহার করে। মূলত টিস্যুর ব্যবহার কমাতে তিনি সুতি কাপড়ের রুমাল তৈরি করেন।
সাদিকা রুমন মনে করেন, ‘আমরা চাইলেই আমাদের আশপাশের প্রকৃতিকে ভালো রাখতে পারি। আমরা সবাই জানি, প্লাস্টিক আমাদের পরিবেশকে ধ্বংস করছে কিন্তু একটু সচেতনভাবে যদি আমরা প্লাস্টিক ব্যবহার না করে বিকল্প হিসেবে পরিবেশবান্ধব জিনিসগুলো ব্যবহার করি তবেই আমরা আমাদের পরিবেশকে বাসযোগ্য করে তুলতে পারব।’
/ফারজানা ফাহমি
.jpg)