কক্সবাজারের মহেশখালীতে পুলিশের লুট হওয়া একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় পিস্তল, দুটি ম্যাগজিন ও ২২ রাউন্ড গোলাসহ আত্মস্বীকৃত সন্ত্রাসী জিয়াউর রহমান জিয়া ও তার সঙ্গী মহিউদ্দিনকে আটক করেছে কোস্টগার্ড।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
লিখিত সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মোহাম্মদ শাহ ঘোনা এলাকায় একটি টিনের ঘরে চার থেকে পাঁচ জন অস্ত্রধারী ডাকাত অবস্থান করার সংবাদ পায় কোস্টগার্ড। এ তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড পূর্ব জোনের দুটি চৌকস দল ও বাংলাদেশ পুলিশ যৌথভাবে ওই এলাকায় অভিযান চালায়।
অভিযান টের পেয়ে অস্ত্রধারীরা দৌড়ে পালানোর চেষ্টা করলে যৌথবাহিনীর সদস্যরা ধাওয়া করে জিয়া বাহিনীর প্রধান মো. জিয়াউর রহমান (৪৪) ও তার সঙ্গী মো. মহিউদ্দিনকে (৩৮) আটক করতে সক্ষম হয়।
এসময় তাদের কাছ থেকে পুলিশের লুট হওয়া একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় পিস্তল, দুটি ম্যাগজিন, ২২ রাউন্ড গোলা, একটি দেশীয় দা জব্দ করা হয় বলে জানান খন্দকার মুনিফ তকি। আটক ডাকাতসহ জব্দকৃত অস্ত্র ও গোলার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে উল্লেখ করা হয় ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।
মুহিববুল্লাহ মুহিব/মাহফুজ/এমএ/