রংপুরের মিঠাপুকুরে ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে ছয়টি যানবাহন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে মিঠাপুকুরের রংপুর-ঢাকা মহাসড়কে গড়ের মাথা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনাকবলিত যানবাহনগুলোর মধ্যে দুটি যাত্রীবাহী বাসসহ ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান রয়েছে। পরে রেকারের সাহায্যে গাড়িগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বড় দরগাহ হাইওয়ে পুলিশ।
ভিআইপি গাড়ির চালক আমিরুল ইসলাম বলেন, ‘সাতটার দিকে কুয়াশার কারণে আমি কিছু দেখতে পাইনি। ফলে মাছের গাড়িকে ধাক্কা দিয়েছি। গাড়ি অনেক ধীরেই চালাচ্ছিলাম। কি আর করব, এটা আমার ভাগ্যে লেখা ছিল। তবে আল্লাহ বাঁচিয়েছে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।’
বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে জানিয়ে বড় দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দুর্ঘটনাকবলিত স্থান থেকে গাড়িগুলো সরিয়ে নেওয়া হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক।
তিনি বলেন, রংপুরে ঘন কুয়াশা থাকায় দুর্ঘটনা ঘটছে। অনেক জায়গায় দৃষ্টিসীমা কমে গেছে। গাড়িচালকদের হেডলাইট জ্বালিয়ে ও যাত্রীদের ধীরে এবং সতর্কতার সঙ্গে চলাচল করার পরামর্শ দেওয়া হচ্ছে।
গতকাল শুক্রবার রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জসহ জেলার কয়েকটি স্থানে পৃথক পাঁচটি দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন বলেও জানান তিনি।
সেলিম সরকার/অমিয়/