পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বাদুজুলি খালের পাশে গাছের ডাল থেকে এক ষাটোর্ধ্ব বৃদ্ধাকে উদ্ধার করেছে দুই জেলে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় ওই নারীকে নিয়ে সাতক্ষীরার শ্যামনগর উপকূলের বাড়ি গাবুরায় ফেরেন তারা।
উদ্ধার হওয়া নারীর বয়স আনুমানিক ৬৫ বছর। তার নাম শুকুরুন নেছা। তার স্বামীর নাম গফফার। তার একটি ছেলে রয়েছে, নাম রফিকুল। এ ছাড়া আর কিছুই বলতে পারছেন না ওই বৃদ্ধা। কিছুটা মানুসিক ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে।
গাবুরা ইউনিয়নের ৯ নং সোরা গ্রামের ফজের খাঁর ছেলে আলমগীর খাঁ জানান, তিনি ও তার সহযোগী রহমান গাজী তিন দিন আগে কাঁকড়া ধরতে যান সুন্দরবনে। কাঁকড়া ধরে বৃহস্পতিবার বিকালে বাড়ির উদ্দেশে রওনা হয়ে ফিরে আসার সময় বাদুজুলি খালের পাশে একটি গাছের ডালে ওই বৃদ্ধা নারীকে দেখতে পাই তারা। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যানকে বিষয়টি অবহিত করেছেন বলেও জানান তিনি।
গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম মাসুদুল আলম বলেন, 'উদ্ধার হওয়া নারী রাতে তাদের কাছে থাকার পর সকালে আমার পরিষদে নিয়ে আসি। এখন ওই বৃদ্ধা নারী আমার হেফাজতে আছেন। ওই বৃদ্ধা নারী তার নাম বলছে শুকুরুন নেছা। তার স্বামীর নাম গফফার ও তার একটি ছেলে রয়েছে, নাম রফিকুল। এ ছাড়াও তার ঠিকানা বলেছে সে খুলনার তেরখাদা থানার কাটাংগা এলাকার বাসিন্দা।'
এ বিষয়ে সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা এবিএম হাবিবুল ইসলাম বলেন, 'গতকাল রাতে এমন একটি ঘটনার কথা আমরা জানতে পেরেছি। কীভাবে এই বৃদ্ধ নারী বড় বড় নদী পার হয়ে গহিন বনে পৌঁছালো এমন প্রশ্নে এই বন কর্মকর্তা বলেন, সেটা শুধু ওই বৃদ্ধা নারীই বলতে পারবেন। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।'
সুলতান শাজাহান/জোবাইদা/