চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সিলিন্ডার গ্যাসের সঙ্গে পানি মিশিয়ে বিক্রির সময় একটি মিনি ট্রাক ভর্তি সিলিন্ডার গ্যাস আটক করেছে স্থানীয়রা। সেখানে বসুন্ধরা ও টোটাল গ্যাসের লোগো সংবলিত ৮৪টি সিলিন্ডার গ্যাসের বোতল পাওয়া যায়।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার নলুয়া ইউনিয়নের মরফলা বাজার থেকে মিনি ট্রাকটি আটক করা হয়। কিন্তু এ কাজে জড়িতরা কৌশলে পালিয়ে যান। পরে স্থানীয়রা মিনি ট্রাক ভর্তি সিলিন্ডার গ্যাসগুলো উপজেলা প্রশাসনের নিকট হস্তান্তর করেন।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে কয়েকজন ব্যক্তি একটি মিনি ট্রাক ভর্তি বসুন্ধরা ও টোটাল গ্যাসের লোগো সংবলিত ৮৪টি সিলিন্ডার গ্যাস বিক্রির জন্য মরফলা বাজারে নিয়ে আসেন। তারা সেগুলো কম দামে বিক্রির প্রস্তাব দিলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে স্থানীয়রা সিলিন্ডার গ্যাসের কয়েকটি বোতল খুলে পরীক্ষা করলে সেখান থেকে গ্যাসের সঙ্গে পানি বের হতে থাকে। এক পর্যায়ে সিলিন্ডার গ্যাসগুলো বিক্রি করতে আসা ব্যক্তিরা কৌশলে পালিয়ে যান।
স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, প্রতিটি ১২ কেজি ওজনের সিলিন্ডার গ্যাসের ভেতর প্রায় ৫ কেজি পর্যন্ত পানি পাওয়া গেছে। এ কাজে জড়িতরা কৌশলে পালিয়ে গেলেও পরবর্তীতে আমরা মিনি ট্রাক ভর্তি সিলিন্ডার গ্যাসগুলো উপজেলা প্রশাসনের নিকট হস্তান্তর করেছি।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে মিনি ট্রাক ভর্তি সিলিন্ডার গ্যাসগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরিফুল/মাহফুজ