মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মালবোঝাই একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাত একটি গাড়ির পেছনে ধাক্কা দিলে এর চালক সুজন (৩৭) ও হেলপার ইছারুলকে নিহত হয়েছেন।
রবিবার (৯ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে এক্সপ্রেসওয়ের সিরাজদিখান উপজেলার নিমতলা আন্ডারপাসে এ দুর্ঘটনা ঘটে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন খবরের কাগজকে জানান, যশোর থেকে কাঁচামাল নিয়ে ঢাকামুখী পিকআপটি নিমতলা আন্ডারপাস অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাত কোনো গাড়ির পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক নিহত হন। আহত ইছারুলকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সুজনের বাড়ি যশোর সদরের বালিয়াডাঙ্গা এলাকায়।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। দুর্ঘটনায় কবলিত পিকআপটি বর্তমানে হাসাড়া হাইওয়ে থানায় রয়েছে।
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, মরদেহ দুটি হাইওয়ে থানায় রয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
অমিয়/