ছবি: খবরের কাগজ
নড়াইলে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
শনিবার (৬ জুন) সকালে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের আয়োজনে হাসপাতাল চত্বর থেকে এ উপলক্ষে একটি র্যালি বের হয়।
র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে পরিচ্ছন্নতাকর্মীদের পাশাপাশি অতিথিরাও অংশ নেন।
কর্মসূচিতে নড়াইল জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম, জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল গাফফার, সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আহসান মাহমুদ রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি এম রাহসিন কবীর, জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুব্রত কুমার, সাবেক আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজল কুমার বকসী, শিশুবিশেষজ্ঞ চিকিৎসক আলিমুজ্জামান সেতুসহ বেশ কয়েকজন চিকিৎসক অংশ নেন।
জনসচেতনতামূলক সভায় বক্তারা বলেন, ‘এডিস মশার বংশবিস্তার রোধ করতে বাড়ির আঙ্গিনাসহ আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বাড়ির ভেতরে বা আঙিনায় ফুলের টব, টায়ার, ডাবের খোসা, ড্রাম বা পরিত্যক্ত পাত্রে তিন দিনের বেশি যেন পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। অব্যবহৃত পাত্রগুলো উল্টে রাখতে হবে এবং জমে থাকা পানিতে মশার ডিম ধ্বংস করতে পাত্রের গা ব্লিচিং পাউডার দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করতে হবে। পাশাপাশি এডিস মশার কামড় থেকে সুরক্ষিত থাকার চেষ্টা করতে হবে। সবাইকে নিজ নিজ বাসা-বাড়ি পরিস্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান বক্তরা।
কর্মসূচিতে জেলা প্রশাসন, ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
এ ছাড়াও লোহাগড়া উপজেলা ও কালিয়া উপজেলা শহরে অনুরূপ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শরিফুল ইসলাম/থিও/