মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় বালুর ড্রেজার সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে টর্চ লাইট জ্বালিয় দুপক্ষের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বুধবার (৪ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আব্দুল্লাপুর ইউনিয়নের পুলিন্দারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পুলিন্দারপাড় এলাকার একটি পক্ষের সঙ্গে পাশ্ববর্তী বিন্দুসার এলাকার লোকজনের দীর্ঘদিনের বিরোধ চলছিল। এরই জের ধরে বুধবার রাতে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে টর্চ লাইট জ্বালিয়ে বিভিন্ন বাড়িতে হামলা চালায়।
অভিযোগ রয়েছে, সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। পাশাপাশি এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয় এবং টহল জোরদার করা হয়।
এ বিষয়ে মুন্সীগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. মেনহাজুল আলম জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এলাকায় অতিরিক্ত টহল অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সুমন/নাঈম/