কিশোরগঞ্জের কুলিয়ারচরে মুরগিবোঝাই পিকআপচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন- দাড়িয়াকান্দি এলাকার বিজয় (১৮) ও তার বন্ধু জাবির হোসেন (১৮)। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর এক কিশোর গুরুতর আহত হয়েছেন।
রবিবার (২২ মার্চ) বিকেলে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে উপজেলার ছয়সূতি ইউনিয়নের দাড়িয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভৈরব হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ সুমন কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি এলাকায় এক মোটরসাইকেলে তিন বন্ধু ঘুরতে বের হয়েছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা মুরগিবোঝাই একটি পিকআপভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন বিজয় ও জাবির। গুরুতর আহত অবস্থায় অপর কিশোরকে হাসপাতালে পাঠানো হয়। তার নাম পরিচয় জানা যায়নি।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুই মরদেহ উদ্ধার করে। তবে দুর্ঘটনার পরই পিকআপটি দ্রুত চলে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। এ দুর্ঘটনায় পরবর্তী আইনি বিষয় প্রক্রিয়াধীন।
তাসলিমা আক্তার/সুমন/