হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে ২০ শিশুর মৃত্যু হলো। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩২ শিশু ভর্তি হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকালপারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২২ এপ্রিল সন্ধ্যা ৬টার দিকে ময়মনসিংহের গৌরীপুর থেকে ৭ মাসের শিশু ছেলেকে হামের উপসর্গ ও নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শিশুটি হামের উপসর্গ ও নিউমোনিয়াসহ হৃৎপিণ্ডের অকৃতকার্যতায় মারা যায়। গত ২৩ এপ্রিল রাত ১১টার পর নেত্রকোনার মাদারগঞ্জ থেকে ৪ মাসের শিশু মেয়েকে হামের উপসর্গ ও নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সোমবার সন্ধ্যা ৬টার পর শিশুটি হামের উপসর্গ ও নিউমোনিয়াসহ হৃৎপিণ্ডের অকৃতকার্যতায় মারা যায়। গত ২০ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে নেত্রকোনার দূর্গাপুর থেকে ৫ মাসের শিশু ছেলেকে হামের উপসর্গ ও নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রাত সাড়ে ১০টার দিকে শিশুটি হামের উপসর্গ ও নিউমোনিয়ায় মারা যায়।
ডা. মোহা. গোলাম মাওলা আরও জানান, হামের উপসর্গ নিয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে ৭৪ শিশু। গত ১৭ মার্চ থেকে ২৮ এপ্রিল সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৯২৫ শিশু ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে আরও ৩৬ শিশু। এ নিয়ে হাসপাতাল থেকে মোট ছাড়া পেয়েছে ৮৩১ শিশু। গত ২৪ ঘন্টায় ১ শিশুকে ঢাকা শিশু হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
কামরুজ্জামান মিন্টু/অন্তরা