ময়মনসিংহে আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় কবির হোসেন রুবেল মিয়া (৩৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে জেলা ও দায়রা জজ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সুদীপ্তা সরকার আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কবির হোসেন রুবেল মিয়া ময়মনসিংহ নগরীর আকুয়া চৌরঙ্গী মোড় এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মজিবুর রহমান। মামলার নথির বরাত দিয়ে তিনি বলেন, গত ২০১৬ সালের ৩১ আগস্ট সন্ধ্যার পর ওই শিশু নিজ বাড়ি ফিরছিলেন। এ সময় রুবেল মিয়া পেছন থেকে মুখ চেপে ধরে, চাকু দেখিয়ে ভুক্তভোগীকে হত্যার ভয় দেখান। পরে নগরীর একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেন এবং কাউকে কিছু বললে হত্যার হুমকি দেন। পরে ওই শিশু রক্তাক্ত অবস্থায় বাড়ি ফেরে। পরিবারের জিজ্ঞাসাবাদ করলে শিশু ঘটনার বিস্তারিত বলে।
এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। পরে মামলাটি শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল পাঠানো হয়। সাক্ষ্য গ্রহণ শেষে আসামিকে যাবজ্জীবনের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাকে আরও ছয় মাস বিনাশ্রম কারাবাসে থাকতে হবে।
ময়মনসিংহের আদালত পরিদর্শক মোস্তাছিনুর রহমান বলেন, মামলার ৯ বছর পর আসামির উপস্থিতিতে বিচারক এই রায় ঘোষণা করেন। ময়মনসিংহে এই প্রথম শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে কোনো আসামির যাবজ্জীবন সাজা প্রদান করা হলো। আসামিকে পূনরায় কারাগারে পাঠানো হয়েছে।
কামরুজ্জামান মিন্টু/অন্তরা