ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার (১ মে) উপজেলার রাজিবপুর ইউনিয়নের রামগোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- রামগোবিন্দপুর গ্রামের আব্দুস সালাম (৫০), আবু হানিফা (৪৫), মোখলেছুর রহমান (২৪), হেলাল মিয়া (৫০), মোস্তফা (৪৫), জয়নাল আবেদীন (৬৫), হুসনা আরা খাতুন (৪০), জোসনে আরা (৪০), জনি মিয়া (১৭)। এছাড়াও প্রতিপক্ষের শাহেদ আলী (৫০) নামে একজন আহত হয়েছেন।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানান, পূর্ব বিরোধের জের ধরে জমি থেকে ধান কেটে বাড়ি ফেরার পথে অভিযুক্ত রতন ও মঞ্জু গং প্রতিপক্ষের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে ১০ জন আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
এ ঘটনায় আবুল খায়ের (৫৯) বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ আরও ৪-৫ জন অজ্ঞাত আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।
এ ব্যাপারে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, ‘এ নিয়ে দুপক্ষই লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
ফয়সল/রিফাত/