মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় ঈদুল আজহা উপলক্ষে বরাদ্দকৃত ভিজিএফের চাল অসাধু উপায়ে আত্মসাতের অভিযোগে আয়নাল হক (৬৫) ও মো. মানিয়ার (৬২) নামে দুই ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২৪ মে) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার উপজেলার ধামশ্বর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- উপজেলার ধামশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আয়নাল হক এবং ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মানিয়ার।
পুলিশ জানায়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ধামশ্বর ইউনিয়নের ১ হাজার ৭৮৮ জন কার্ডধারীর জন্য ১৭ দশমিক ৮৮০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে ৫০ বস্তা চাল, যার প্রতিটি বস্তায় ৫০ কেজি করে মোট ২ হাজার ৫০০ কেজি ভিজিএফের চাল, রাথুরা গ্রামের জাহানারা বেগমের বাড়িতে মজুত রাখা হয়েছে বলে স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়া যায়।
পরে সরেজমিনে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। জাহানারা বেগম পুলিশকে জানান, গত ২১ মে দুপুর ২টার দিকে এক চাল ব্যবসায়ীর সহযোগিতায় ইউপি সদস্য আয়নাল হক ও মানিয়ার তার বাড়িতে ৫০ বস্তা সরকারি চাল রেখে যান। পরে সেগুলো নিয়ে যাবেন বলেও জানান তারা।
এ ঘটনায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মহসিন-উল-হাসান বাদী হয়ে দৌলতপুর থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫ ধারায় মামলা দায়ের করেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার বলেন, ‘সরকারি বরাদ্দের চাল আত্মসাতের অভিযোগে দুই ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা হওয়ার পর জড়িতদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।’
আসাদ জামান/রিফাত/