কুড়িগ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন আহলে হাদিস অনুসারী মুসল্লিরা।
বুধবার (২৭ মে) সকালে রৌমারী ও ফুলবাড়ী উপজেলার অন্তত ছয়টি গ্রামে ঈদের নামাজ আদায় করে কোরবানি দেন তারা।
জানা গেছে, রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া গ্রামে মো. ছমির ব্যাপারীর বাড়ির মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন হাফেজ মো. আবু সাঈদ। জামাতে প্রায় ৯৫ থেকে ১০০ জন নারী-পুরুষ অংশ নেন।
অন্যদিকে, ফুলবাড়ী উপজেলার ৩নং ফুলবাড়ী ইউনিয়নের জেলেপাড়া আহলে হাদিস মসজিদ প্রাঙ্গণে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মওলানা মো. আব্দুল মালেক। জামাতে প্রায় ৬০ জন মুসল্লি অংশ নেন।
পুলিশ জানায়, ঈদের জামাত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জেলার ফুলবাড়ী, রৌমারী, ভূরুঙ্গামারী, চিলমারী ও চর রাজীবপুর উপজেলার এই ছয়টি গ্রামে আহলে হাদিস অনুসারীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করে আসছেন।
অমিয়/