ঢাকা থেকে স্বামী ইসমাইল হোসেনের মরদেহ আনতে গিয়ে অ্যাম্বুলেন্স ও বাসের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী জাহানারা বেগম (৪৫) এবং অ্যাম্বুলেন্সচালক আকবর হোসেন (৩২) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (৩ জুন) সকাল ৯টার দিকে নড়াইল-কালনা মহাসড়কের বাদশার গ্যারেজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহানারা বেগম যশোরের মাহিদিয়া গ্রামের বাসিন্দা। অ্যাম্বুলেন্সচালক আকবর হোসেন লক্ষীপুরের পূর্বকলাপোতা গ্রামের আ. হাশেমর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে ঢাকা থেকে যশোরের মাহিদিয়া গ্রামের নুরজাহান বেগম তাঁর স্বামী ইসমাইল হোসেনের মরদেহ বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। নড়াইল-কালনা মহাসড়কের বাদশার গ্যারেজ নামক স্থানে পৌঁছালে কালনাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই নুরজাহান বেগম নিহত হন।আহত পাঁচজনকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে অ্যাম্বুলেন্সচালক আকবর হোসেনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুণ্ডু বলেন, পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবু তাহের পুলিশ স্টাফ কলেজে কর্মরত ছিলেন। তার বাবা ইসমাইল হোসেন ভোররাতে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্সে মারা যান। বাবার মরদেহ নিয়ে তিনি তাঁর মা নুরজাহানকে সঙ্গে নিয়ে বাড়িতে ফিরছিলেন। নড়াইল-কালনা মহাসড়কের বাদশার গ্যারেজ নামক স্থানে পৌঁছালে দুর্ঘটনাটি ঘটে। এতে হতাহতের ঘটনা ঘটে। মরদেহগুলো উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
শরিফুল ইসলাম/ তামান্না রুপা/রিফাত/