মুন্সীগঞ্জের লৌহজংয়ে ইয়াবা, গাঁজা, হেরোইন ও মাদক বিক্রির টাকাসহ ছয় মাদককারবারিকে আটক করা হয়েছে।
গতকাল বুধবার রাত থেকে সকাল পর্যন্ত সমন্বিত মাদকবিরোধী ট্রাস্কফোর্স অভিযানে তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার (৪ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোয়ালিমান্দ্রা বেদে পল্লীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ছয় মাদককারবারিকে আটক করা হয়। এছাড়া আরও একজনকে পলাতক হিসেবে শনাক্ত করা হয়েছে। আটকদের কাছ থেকে ২১০ পিস ইয়াবা, আট কেজি গাঁজা, ৫ গ্রাম হেরোইন এবং মাদক বিক্রির নগদ ২৬ হাজার টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা ও বাকি চারজনকে তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
জেলা প্রশাসকের নির্দেশনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিমের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপজেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, র্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত ৮০ সদস্যের একটি দল অংশ নেয়।
অভিযানে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ উপ-পরিচালক মো. লুৎফর রহমান, লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা ববি মিতু, সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান, র্যাব-১০, সিপিসি-২ শ্রীনগর ক্যাম্পের মেজর ইয়াসির তাজবী পান্থ, অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিসুর রহমান এবং বাংলাদেশ সেনাবাহিনীর মুন্সিগঞ্জ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত মেজর চার্লস।
থিও/