ঝিনাইদহে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মার্কেটিং বিভাগের লাইব্রেরিয়ান আব্দুল জব্বারকে হত্যার অভিযোগে তার দুই স্ত্রীকে আটক করেছে পুলিশ।
সোমবার ( ১৬ ডিসেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল জব্বার সদর উপজেলার হরিহরা গ্রামের আব্দুল জলিলের ছেলে।
পুলিশ এ ঘটনায় নিহতের বড় স্ত্রী রাবেয়া আক্তার বৃষ্টি ও ছোট স্ত্রী সুরাইয়া পারভীন সাথীকে আটক করেছে।
প্রতিবেশীরা খবরের কাগজকে জানান, আব্দুল জব্বার ছোট স্ত্রীর বাড়িতে অবস্থানের সময় বড় স্ত্রী বাসায় ঢুকে ঝগড়া করেন। ছোট স্ত্রী অভিযোগ করেন, বড় স্ত্রী জব্বারকে শ্বাসরোধে হত্যা করেছেন।
এদিকে বড় স্ত্রী অভিযোগ করেন, ছোট স্ত্রী শ্বাসরোধে জব্বারকে হত্যা করেছেন। তিনি ওই বাসায় গিয়ে হত্যার দৃশ্য দেখেন বলে অভিযোগ করেন।
ছোট স্ত্রী সুরাইয়া পারভীন সাথী জানান, কথা কাটাকাটির একপর্যায়ে তার স্বামী পড়ে গেলে তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। এ সময় তিনি তার মাথায় পানি দিচ্ছিলেন।
তিনি আরও জানান, বড় স্ত্রীকে তার স্বামী আব্দুল জব্বার আগেই তালাক দিয়েছেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন খবরের কাগজকে জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে এটি হত্যা না অন্য কিছু।
মাহফুজুর রহমান/সুমন/অমিয়/