নড়াইলের লোহাগড়া উপজেলায় এক কিশোর ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত আমিনুলসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। নিহত তামিম খান (১৬) সদর উপজেলার হবখালী ইউনিয়নের হাঁড়িগাড়া গ্রামের রুবেল খানের ছেলে।
রবিবার (৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে লোহাগড়া পৌরসভার মশাঘুনী এলাকার আইয়ুব হোসেন বিশ্বাসের বাড়ির পশ্চিম পাশের বাগানের মধ্য থেকে তামিমের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলে ভ্যানচালক কিশোর তামিম খান নিখোঁজ হয়। পরে স্বজনরা তাকে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করতে থাকেন। পরে সন্দেহজনকভাবে নিহতের স্বজনরা অভিযুক্ত আমিনুলকে আটক করে ঘটনাটি পুলিশকে জানায়। পরে সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) জিজ্ঞাসাবাদে আমিনুল হত্যার কথা স্বীকার করেন।
সদর থানার ওসি সাজেদুল ইসলাম জানান, এ ঘটনায় অভিযুক্ত আমিনুলকে আটক ও ভ্যান কেনাবেচার অভিযোগে নাওরা গ্রামের সরোয়ার (৪২), তার ছেলে ইসমাইল (১৭), সলেমান শেখকে (৩১) জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। লোহাগড়া থানার ওসি মো. আশিকুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য লাশ নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।