জুলাই-আগস্ট বিপ্লবে রাজধানীর রামপুরায় বহুতল ভবনের ছাদের কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করার ঘটনায় আলোচিত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) চঞ্চল চন্দ্র সরকারকে খাগড়াছড়ির দীঘিনালা থানা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (২৬ জানুয়ারি) রাতে তাকে গ্রেপ্তার করে আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইবুনাল। এ সময় ঢাকা থেকে আসা পুলিশের একটি বিশেষ ইউনিটও সঙ্গে ছিল।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন দীঘিনালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া।
তিনি জানান, গত বছরের নভেম্বর মাসে খাগড়াছড়ির দীঘিনালা থানায় যোগদান করেন এসআই চঞ্চল চন্দ্র সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সহকারী এ্যাটর্নি জেনারেল তানভীর হাসান জোহার নেতৃত্বে বরিবার রাতে থানা থেকে চঞ্চল চন্দ্র সরকারকে গ্রেপ্তার করা হয়।
তবে ঘটনার দিন ঘটনাস্থলে উপস্থিত থাকলেও এসআই চঞ্চল চন্দ্র সরকার গুলি করার বিষয়টি স্বীকার করেননি বলে জানিয়েছেন ওসি মো. জাকারিয়া।
এ ছাড়া তিনি জানান, গ্রেফতারের পর পুলিশি পাহারায় এসআই চঞ্চল চন্দ্র সরকারকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
জুলাই-আগস্ট বিপ্লব চলাকালে গত বছরের ১৯ জুলাই সামাজিকমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। দূর থেকে ধারণ করা ওই ভিডিওতে দেখা যায়, ঢাকার রামপুরার মেরাদিয়া এলাকার নির্মাণাধীন একটি বহুতল ভবনের রড ধরে ঝুলে আছে এক তরুণ। ওই অবস্থায় তাকে লক্ষ্য করে পরপর অন্তত ছয় রাউন্ড গুলি করে পুলিশ।
১৮ বছর বয়সী ওই তরুণের নাম আমির হোসেন। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। সে ঢাকায় ফুফুর বাসায় থাকতো এবং কাজ করতো রামপুরার একটি রেস্তোরাঁয়। সেদিনের ঘটনায় অবশ্য মৃত্যু হয়নি ওই তরুণের।
রাজু/মেহেদী/