নরসিংদী পৌশ শহরে রিজভী (৩৬) নামে এক ইন্টারনেট ও ডিশ ব্যবসায়ীকে খুন করেছে দুর্বৃত্তরা।
সোমবার (৩০ জুন) রাত সাড়ে ১০টা দিকে ব্রাহ্মন্দী এলাকায় এ ঘটনা ঘটে।
রিজভী শহরতলীর বীরপুর মহল্লার জয়নাল আবেদীনের ছেলে। তিনি রায়পুরা উপজেলার হাসনাবাদ এলাকায় ইন্টারনেট ও ডিসের ব্যবসা পরিচালনা করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০টার দিকে শহরের ব্রাহ্মন্দী মোড়ের একটি বাড়ির গলির সামনে দুই পক্ষের উত্তেজনার পর এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে রিজভীকে হত্যা করে প্রতিপক্ষ।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক খবরের কাগজকে জানান, হাসনাবাদের সন্ত্রাসী তৈয়ব ও তার পরিবারের ওপর পরিকল্পিত হামলা করতে আসে রিজভী ও তার দল। এ সময় পাল্টা হামলার শিকার হয়ে নিহত হন রিজভী। রিজভীর বিরুদ্ধে ডাকাতি, অপহরণ, অস্ত্র, মাদকসহ বিভিন্ন থানায় অন্তত আটটি মামলা রয়েছে।
এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ বেশ কিছু ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। ঘটনার বিস্তারিত জানতে এবং অপরাধীদের ধরতে কাজ করছে পুলিশ।
শাহিন/মৌসুমী