রাজধানীর খিলক্ষেত এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মোহাম্মদ লিওন (২১) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। এ সময় ছিনতাইকারীরা তার মোবাইল ফোন ও টাকা নিয়ে পালিয়ে যায়।
রবিবার (২৮ জুলাই) গভীর রাতে খিলক্ষেত রেললাইনসংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
লিওনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লিওন নোয়াখালীর চাটখিল উপজেলার পূর্ব চুচিয়াপাড়ায় রুবেল ব্যাপারীর ছেলে। তিনি উত্তরার জসীমউদ্দীন রোডের একটি ভাড়া বাসায় থাকেন। ৩০০ ফিট এলাকার একটি রেস্টুরেন্টে কাজ করেন।
লিওনের ভগ্নিপতি খালেদ হাসান জানান, গত রবিবার রাত সাড়ে ১২টার দিকে লিওন তার এক বন্ধুকে বাসে উঠিয়ে দেওয়ার জন্য ৩০০ ফিট রেললাইনের পাশের একটি বাসস্ট্যান্ডে যান।
সেখান থেকে বাসায় ফেরার পথে তিন-চারজন ছিনতাইকারী তার পথ আগলে দাঁড়ায়। তারা ধারালো অস্ত্র দিয়ে লিওনের গলা, বুক ও পিঠে আঘাত করে। এরপর তার মোবাইল ফোন এবং টাকা নিয়ে পালিয়ে যায়।
পরে পুলিশ তাকে উদ্ধার করে এবং পরিবারকে খবর দেয়। তাকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য সোমবার (২৮ জুলাই) ভোরে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের (ইনচার্জ) পরিদর্শক মো. ফারুক জানান, হাসপাতালের জরুরি বিভাগে আহত লিওনের চিকিৎসা চলছে।