চট্টগ্রামের বাঁশখালীতে মাদকের টাকা না পেয়ে ছেলের হাতে দুলাল রুদ্র (৫০) নামে এক বাবা খুন হয়েছেন।
মঙ্গলবার (৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে তপন রুদ্র (২০) নামে ওই ছেলে তার বাবাকে কুপিয়ে হত্যা করে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় তপন রুদ্রকে স্থানীয়রা ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে। মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল ৯ নং ওয়ার্ডের রুদ্র পাড়ায় বাবার ওপর ছেলের হামলার পর রাত সাড়ে ১১ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুলাল রুদ্র মারা যান।
জানা গেছে, তপন রুদ্র স্থানীয় মিয়ারস দোকানে একটি সেলুন চালাতেন। পরে সে দোকান হারিয়ে দীর্ঘদিন বেকার হয়ে পড়ে। এ সময় মাদকাসক্ত হয়ে পড়ায় পরিবারে অভাব-অনটন আরও বেড়ে যায়। ঘটনার দিন সন্ধ্যায় তপন রুদ্র পিতার কাছে টাকা দাবি করে। পিতা টাকা দিতে রাজি না হওয়ায় বাবা-ছেলের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়।
এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ছেলে ধারালো দা দিয়ে বাবাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে দুলাল রুদ্র গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁশখালী হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, পিতাকে হত্যার ঘটনায় ছেলে তপন রুদ্রকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
শফকত হোসাইন/সুমন