বাগেরহাটের মোরেলগঞ্জে চুরি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় কালাম খান (৪৮) নামের এক কৃষক নিহত হয়েছেন।
শনিবার (৪ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার চিংড়াখালী ইউনিয়নের ছোট জামুয়া নামক স্থানে ওই কৃষক ও তার ভাইয়ের উপর হামলা হয়। আহত অবস্থায় তাদের উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক কালাম খানকে মৃত ঘোষণা করেন।
নিহত কালাম খান চিংড়াখালী ইউনিয়নের ডেপুয়ার পাড় গ্রামের ওয়াজেদ আলী খান ওরফে কালু খানের ছেলে।
অবস্থা গুরুতর হওয়ায় নিহতের ভাই লুৎফর খানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
কালাম খানের প্রতিবেশী ও চিংড়াখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মামুন খান বলেন, 'সুপারি চুরিকে কেন্দ্র করে একই বংশের সোহেল খান ও নিহত কালাম খানের পরিবারের লোকদের বিরোধ ছিল। এর জেরে শনিবার রাতে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। সোহেল খান ও তার লোকজনেরা কালাম এবং তার বড় ভাই লুৎফর খানকে মারপিট করে। এদের মধ্যে কালাম খান মারা গেছেন। লুৎফর খানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।'
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতলুবর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এলাকা শান্ত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তদের আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে।
রিফাত/মৌসুমী/