চট্টগ্রামের পটিয়ায় আলোচিত মোহাম্মদ সোহেল হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ কায়েসকে (৪৫) গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
রবিবার (১ ফেব্রুয়ারি) রাতে নগরীর বাকলিয়া থানার কল্পলোক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর বাকলিয়া ও চান্দগাঁও এলাকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর মো. আশরাফুজ্জামান।
কায়েসের বিরুদ্ধে পটিয়া থানায় হত্যা মামলার গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, ২০২২ সালের ২২ এপ্রিল পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাসেমের ছোট ভাই মোহাম্মদ সোহেলকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই চেয়ারম্যান আবুল কাসেম বাদী হয়ে মোহাম্মদ কায়েসকে প্রধান আসামি করে পটিয়া থানায় একটি হত্যা মামলা করেন।
মামলার বাদী আবুল কাসেম জানান, হত্যাকাণ্ডের পর কায়েস গ্রেপ্তার হলেও পরবর্তীতে তিনি জামিনে মুক্তি পান। বর্তমানে তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলেও তিনি দাবি করেন।
বাকলিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রুমা বড়ুয়া জানান, পটিয়া থানার একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে পটিয়া থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।
রাফিউল আকরাম/অমিয়/