নড়াইলের বড়কুলো এলাকায় বাবা-ছেলেসহ চারজনকে হত্যার ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে তাদের আটক করা হয়।
এদের মধ্যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) তারাপুর গ্রামের আমিন সিকদারের ছেলে বনি শিকদারকে আটক করে।
গোয়েন্দা পুলিশ (ডিবি) বড়কুলো গ্রামের মৃত লালন ফকিরের ছেলে হালিম ফকিরকে আটক করে।
তাছাড়া পুলিশ হাতে আটক হন- কালিয়া উপজেলার খড়লিয়া গ্রামের তুজাম মোল্যার ছেলে তুফান মোল্যা (৩০), সদর উপজেলার তারাপুর গ্রামের তৈয়ব সিকদারের ছেলে লাজুক ওরফে সূর্য্য সিকদার (৩২), সবুর মোল্যার ছেলে জসিম মোল্যা (৩০), রুহুল মোল্যার ছেলে সদর মোল্যা(৩৬)।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্)মো. রকিবুর হাসান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখনও মামলা হয়নি। মরদেহ ময়নাতদন্ত চলেছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অভিযান চলছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের মোল্যা ও সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখের সমর্থকদের মধ্যে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ ছিল। এর জেরে সোমবার ভোরে খায়ের মোল্যার সমর্থকরা উজ্জ্বল শেখের সমর্থকদের ওপর হামলা চালিয়ে খলিল শেখ, তার ছেলে তাহাজ্জদ শেখ ও ফেরদৌসকে কুপিয়ে হত্যা করে। এ সময় খায়ের চেয়ারম্যানের সমর্থক ওসিবুর রহমান নিহত হন।
শরিফুল ইসলাম/অমিয়/