মাদারীপুরের কালকিনি উপজেলার ভুরঘাটা এলাকায় প্রেমিকের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত প্রিয়া আক্তার (২০) মারা গেছেন।
মঙ্গলবার (১৭ মার্চ) রাতের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
নিহত প্রিয়া আক্তার কালকিনি পশ্চিম শিকারমঙ্গল গ্রামের সাইদ বেপারীর মেয়ে।
জানা যায়, গত শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় ঈদ শপিংয়ের কথা বলে প্রিয়াকে বাড়ি থেকে ডেকে নেয় তার কথিত প্রেমিক বায়জিদ। পরে ভুরঘাটা এলাকায় তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে প্রিয়ার গলায় আঘাত করেন তিনি। এতে প্রিয়ার গলা বেশিরভাগ কেটে যায়।
ঘটনার পর অভিযুক্ত বায়জিদ তার খালা তমাকে নিয়ে আহত প্রিয়াকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে কৌশলে পালিয়ে যায়। এ সময় প্রিয়ার ব্যবহৃত মোবাইল ফোনটি নিয়ে যান তারা।
পরে খবর পেয়ে স্বজনরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যান। কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে তিনি মারা যান।
নিহতের পরিবার এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম জানান, অভিযোগ পেলে মামলা করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর থেকে অভিযুক্ত প্রেমিক বায়জিদ পলাতক রয়েছে বলে জানা গেছে।
রফিকুল ইসলাম/অমিয়/