ঈদ আনন্দে বন্ধুদের সঙ্গে হবিগঞ্জের চা বাগানে ঘুরতে এসেছিলেন ব্রাহ্মণবাড়িয়ার এক তরুণী। এ সময় দুই যুবক তাকে বন্ধুর কাছ থেকে ছিনিয়ে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন। পাশাপাশি তার শরীরে থাকা স্বর্ণালঙ্কারও ছিনিয়ে নেন তারা।
ঘটনার পর পুলিশ একজনকে আটক করেছে। তরুণীকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় মাধবপুর উপজেলার সুরমা চা বাগানে ঘটে।
আটক জসিম মিয়া (৩৫) তেলিয়াপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে চুরি, ছিনতাই ও ধর্ষণের একাধিক মামলা রয়েছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, ঈদের আনন্দ উপভোগ করতে দুই বন্ধুর সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া থেকে মাধবপুরে ঘুরতে এসেছিলেন তরুণী। তারা সাতছড়ি জাতীয় উদ্যান ঘুরে সুরমা চা বাগানে যান। সেখানে তরুণী এবং তার ছেলে বন্ধু বাগানের কিছুটা ভেতরে প্রবেশ করলে দুই যুবক তাকে ছিনিয়ে নেয়। পরে বাগানের ভেতরে নিয়ে পালাক্রমে ধর্ষণ শেষে শরীরে থাকা স্বর্ণালঙ্কার লুট করেন।
খবর পেয়ে পুলিশ আহত অবস্থায় তরুণীকে উদ্ধার করে এবং অভিযুক্ত এক যুবককে আটক করে। একই সঙ্গে উদ্ধার করা হয় লুট হওয়া স্বর্ণালঙ্কার।
ওসি আরও জানান, তরুণী দুইজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। মঙ্গলবার সকালে আটক জসিমকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বর্তমানে তরুণীর চিকিৎসা হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে চলমান।
কাজল সরকার/অমিয়/