নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাওনা টাকা নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মাসুম মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার ভোলাব ইউনিয়নের টাওরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাসুম মিয়া টাওরা পশ্চিমপাড়া এলাকার নুর মোহাম্মদের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় ,সৌদি আরবে অবস্থানকালে নিহত মাসুম মিয়া ও একই এলাকার রাজু মিয়ার মধ্যে আর্থিক লেনদেন নিয়ে বিরোধ চলে আসছিল। দেশে ফেরার পরও পাওনা টাকা নিয়ে তাদের মধ্যে বিরোধ চলতে থাকে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এক সালিশি বৈঠকে ঈদের দুই সপ্তাহ পর রাজুকে আট হাজার টাকা পরিশোধ করার সিদ্ধান্ত হয়।
নিহত মাসুম মিয়া গতকাল বিকেলে মোটরসাইকেলে করে পাঁচদোনা থেকে নিজ বাড়িতে ফেরার পথে টাওরা মধ্যপাড়া সড়কে তাকে একা পেয়ে রাজু ও তার সহযোগীরা হামলা চালায়। এ সময় তাকে এলোপাতাড়ি মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।