রংপুর নগরীর শাপলা সিনেমা হলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে অভিযান চালিয়ে ৩৭ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার (১৯ এপ্রিল) বিকেলে পরিচালিত এই অভিযানে হলটির তৃতীয় তলায় বিশেষভাবে তৈরি কক্ষ থেকে বিভিন্ন স্কুল-কলেজের ৩৫ জন শিক্ষার্থী, যাদের ১৯ জন মেয়ে, ১৬ জন ছেলে এবং দুই কর্মচারীকে আটক করা হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
পুলিশ জানায়, হলের তৃতীয় তলায় ছোট ছোট ঘর তৈরি করা হয়েছে। সেই ঘরে বিছানা করে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যক্রম চলে আসছে। সিনেমা চলাকালীন সেখানে ওই ঘরগুলো ভাড়া দেওয়া হয়। ভাড়া নিয়ে স্কুল কলেজের ছেলে-মেয়েরা অনৈতিক কাজে লিপ্ত হয়। অভিযান চলাকালে তাদের অসামাজিক কাজে লিপ্ত থাকার প্রমাণ পাওয়া যায়। পরে তাদের আটক করা হয়।
মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী রাত সাড়ে ৭টায় এ প্রসঙ্গে এক সংবাদ সম্মেলনে বলেন, 'আটকদের অধিকাংশই শিক্ষার্থী হওয়ায় তাদের মুছলেকা নিয়ে অভিভাবকদের মাধ্যমে ছেড়ে দেওয়া হবে। তবে সিনেমা হলের কর্মচারীদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।
তবে সিনেমা দেখার কোন দর্শককে আটক করা হয়নি। যাদের সিনেমা হলের তৃতীয় তলায় বিশেষভাবে তৈরি কক্ষে অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় পাওয়া গেছে শুধু তাদেরই আটক করা হয়েছে।
তিনি আরও জানান, 'নগরীতে যেকোনো অসামাজিক কাজ ও আইনশৃঙখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রংপুর মেট্রোপলিটন পুলিশ কাজ করছে।
সেলিম সরকার/আমান