চট্টগ্রামের ফটিকছড়িতে এক নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে মোহাম্মদ সাবা (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৯ মে) সকালে উপজেলার কাঞ্চননগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সন্ধ্যায় কাঞ্চননগর ইউনিয়নের কালাপানিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত লাকি আক্তার (৩৮) ওই এলাকার আব্দুল কাদেরের স্ত্রী। তবে অভিযুক্ত ও নিহতের আত্মীয়তার সম্পর্ক রয়েছে। অভিযুক্তের মেয়েকে বিয়ে দিয়েছিলেন নিহত লাকি বেগমের ছেলের সঙ্গে ।
বাড়ির সর্দার মোহাম্মদ ইউনুস জানায়, শুক্রবার সন্ধ্যায় বিল থেকে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন লাকি আক্তার। পথে তাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন সাবা। ধর্ষণচেষ্টার ঘটনা ধামাচাপা দিতেই শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ বিলে ফেলে রাখা হয়।
স্থানীয়রা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন।
নিহত লাকি আক্তারের পিতা আবুল বশর বলেন, আমার মেয়েকে ধর্ষণের চেষ্টা করে গলা টিপে হত্যা করা হয়েছে। আমি প্রশাসনের কাছে এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠ বিচার চাই।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রফিকুল ইসলাম খবরের কাগজকে জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়েছে। শনিবার সকালে অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
নাজমুল আলম/ আমান