কুমিল্লার মেঘনা উপজেলার চন্দনপুর ইউনিয়নের তুলাতুলি গ্রামে রাস্তা নির্মাণ নিয়ে বিরোধে দেলোয়ার হোসেন (৩৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবলীগ নেতার বিরুদ্ধে।
শুক্রবার (৮ মে) গভীর রাতে এ ঘটনা ঘটে, হত্যাকাণ্ডের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিহত দেলোয়ার হোসেন তুলাতুলি গ্রামের বাসিন্দা ছিলেন। হত্যার এ বিষয়টি নিশ্চিত করেছেন, মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতের বড় ভাই আবদুল বাতেনের জমির মধ্য দিয়ে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে প্রতিপক্ষের সঙ্গে বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, চন্দনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. নাছির মেম্বার ওই রাস্তা নির্মাণ করতে চাইলে জমির মালিক পক্ষ আপত্তি জানায়। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা হলেও বিরোধ থেকেই যায়।
ভুক্তভোগীর পরিবার থেকে অভিযোগ করা হয়, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে দেলোয়ার হোসেন বাড়ির পাশের রাস্তায় গেলে আগে থেকে ওত পেতে থাকা নাছির মেম্বার ও তার সহযোগীরা দেলোয়ারকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন।
পরে স্থানীয়রা তাকে প্রথমে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, কিন্তু অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তবে, সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চন্দনপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সিরাজুল ইসলাম বাবু অভিযোগ করেন, রাস্তা নির্মাণ নিয়ে বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। তিনি অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেন।
মেঘনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, “দেলোয়ারের মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ চলছে। মরদেহটি ঢাকা থেকে আনার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
জহির শান্ত/নাঈম