মা দিবসে ফেনীর জেলার দাগনভূঞায় ছেলের ছুরিকাঘাতে নিহত হয়েছেন মা লাকি আক্তার।
রবিবার (১০ মে) রাতে উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের দিলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাবা মো. মোস্তফা ও বোন সাহারা আক্তার মিথিলা। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানায়, পারিবারিক কলহের জেরে সিন্দুরপুর ইউনিয়নের মোস্তফার ছেলে রাফি (২১) ঘরের ভেতরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। হামলায় গুরুতর আহত মা লাকি আক্তার, বাবা মোস্তফা ভুইয়া ও মেয়ে মিথিলা মোস্তফাকে ফেনী সদর হাসপাতালে নেওয়া হয়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক মা লাকি আক্তারকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত বাবা ও বোনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম পাঠানো হয়।
প্রতিবেশী আবুল কালাম জানান, ঠিক কি কারনে আজকে তাদের মধ্যে ঝগড়া হয়েছে তা আমাদের জানা নেই। তবে বেশ কিছুদিন থেকে মোস্তফার মিয়ার ছেলে রাফি পড়াশোনা না করে মাদকের সাথে জড়িয়ে পড়ে বলে শুনেছি।
অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাইফুল ইসলাম বলেন, রাফি নামের এক যুবক ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তার মাকে হত্যা এবং বাবা ও বোনকে গুরুতর আহত করেছে।
স্থানীয়দের সহায়তায় অভিযুক্তকে আটক করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
তোফায়েল/আমান