নারায়ণগঞ্জের সোনারগাঁয় বিকাশ অ্যাজেন্ট থেকে টাকা উত্তোলন নিয়ে পিকআপচালক ও হেলপারের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহতের নাম ইমন হাসান (১৮)।
বুধবার (২৭ মে) রাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের খিদিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইমন হাসান সিদ্ধিরগঞ্জ থানার ইসদাইর এলাকার দুলাল মিয়ার ছেলে।
এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পিকআপচালকের বিকাশ অ্যাকাউন্ট থেকে ৮ হাজার ৫০০ টাকা উত্তোলনকে কেন্দ্র করে চালক ও হেলপার ইমনের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে হাতাহাতি হয়। এতে গুরুতর আহত হন ইমন হাসান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে এখলাস উদ্দিন নামে একজনকে আটক করে।
তালতলা ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ বলেন, বিকাশের টাকা উত্তোলনকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। পরে সংঘর্ষে ইমন হাসান নিহত হন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ইমরান হোসেন/অমিয়/