ফরিদপুরের সদরপুরে সাড়ে ছয় বছরের এক শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে রেজাউল প্রামাণিক (৬১) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে।
গত বুধবার (৩ জুন) বিকেলে ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে সদরপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
এর আগে মঙ্গলবার (২ জুন) বিকেলের দিকে উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের চৈতারকোল গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ, এলাকাবাসী ও ভুক্তভোগী শিশুটির পরিবারসূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে শিশুটি রেজাউল প্রামাণিকের বাড়ির পাশে খেলা করছিল। এ সময় রেজাউল প্রামাণিক শিশুটিকে অ্যালোভেরা গাছ ও চকলেট দেওয়ার লোভ দেখিয়ে কৌশলে নিজের ঘরে ডেকে নিয়ে যান। সেখানে তিনি ঘরের দরজা বন্ধ করে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালান। একপর্যায়ে শিশুটি ব্যথায় চিৎকার শুরু করলে রেজাউল তাকে ছেড়ে দিয়ে পালিয়ে যান। পরে শিশুটি ঘর থেকে বের হয়ে কান্না করতে করতে পরিবারের লোকজনের কাছে ঘটনাটি জানায়।
এলাকাবাসীর অভিযোগ, রেজাউল প্রামাণিক এর আগেও এ ধরনের একাধিক অপরাধমূলক ঘটনা ঘটিয়েছে। এলাকায় তার স্বভাব-চরিত্র নিয়ে দীর্ঘদিন ধরেই মানুষের মাঝে ক্ষোভ রয়েছে।
এ বিষয়ে সদরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান বলেন, ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এনকেবি নয়ন/ তামান্না রুপা/