কবিতা : ঝর্ণার গান
অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: ‘শিথিল সব শিলার পর’ বলতে কবি কী বোঝাতে চেয়েছেন?
উত্তর: ‘শিথিল সব শিলার পর’ বলতে কবি স্তব্ধ পাথরের বুকে আনন্দচিহ্ন রেখে ঝরনার বয়ে চলাকে বোঝাতে চেয়েছেন।
‘ঝর্ণার গান’ কবিতায় কবি ঝর্ণার গতিময়তা এবং প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরেছেন। ঝরনা সব নীরবতা ভেঙে আপন ছন্দে বয়ে চলে। পাখির ডাকহীন নির্জন দুপুর, ভয়ংকর পাহাড়, সবকিছু উপেক্ষা করে সে শিথিল শিলা বেয়ে নিচে নেমে আসে। চলার পথে ঝর্ণা পাথরের ওপর প্রাকৃতিক সৌন্দর্যের আনন্দচিহ্ন রেখে চলে। এ প্রসঙ্গেই ওপরের কথাটি কবি বলেছেন।
প্রশ্ন: ‘আমরা চাই মুগ্ধ চোখ’ বলতে কবি কী বোঝাতে চেয়েছেন?
উত্তর: ‘আমরা চাই মুগ্ধ চোখ’ বলতে ঝর্ণার সৌন্দর্যপিপাসু মানুষের চাওয়াকে বোঝানো হয়েছে।
প্রাকৃতিক সৌন্দর্য সৃষ্টিতে ঝর্ণা অতুলনীয়। পাহাড়ের সুউচ্চ শৃঙ্গ থেকে নিচে নেমে এসে ঝর্ণা সমতল ভূমির পাথরের ওপর চতুর্দিকে ছড়িয়ে পড়ে। এতে এক অপার সৌন্দর্যের সৃষ্টি হয়, যা উপলব্ধি করার জন্য প্রয়োজন শিল্পীহৃদয়।
আরো পড়ুন : ঝর্ণার গান কবিতার ১৮টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, নবম শ্রেণির বাংলা ১ম পত্র
প্রশ্ন: ‘উপল-ঘায় দিই ঝিলিক’ বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর: পর্বত থেকে নেমে আসা ঝর্ণার কলতান যে অপূর্ব সৌন্দর্য সৃষ্টি করে তা ‘উপল-ঘায় দিই ঝিলিক, ঝিলমিলাই দিগ্বিদিক’-এর মাধ্যমে বোঝানো হয়েছে।
পাহাড় থেকে পতিত সাদা জলরাশির ধারা এক শ্রুতিমধুর ধ্বনিমাধুর্য সৃষ্টি করে। ঝর্ণার এ অপ্রতিরোধ্য গতিশীলতা, ধ্বনিমাধুর্য ও বর্ণবৈভবের যে সৌন্দর্য তা অতুলনীয়। পাথরের বুকে আঘাত হেনে ঝর্ণার এ ক্রমশ পতন যেন বুক চিরে ভালোবাসা উজাড় করে দেয়। এ ভালোবাসা, সৌন্দর্য-বর্ণবৈভব, ধ্বনিমাধুর্য সবকিছু মিলিয়ে ঝর্ণার এ গান আমাদের চিত্তহরণকারী।
প্রশ্ন: ‘তার খোঁজেই বিরাম নেই’ ব্যাখ্যা করো।
উত্তর: যারা সুন্দরকে ভালোবাসে, ঝর্ণা তাদের খোঁজেই বিরামহীনভাবে ছুটে চলে। ঝর্ণা প্রকৃতির সৌন্দর্যের এক অনন্য উপাদান এবং প্রকৃতিকে সুন্দর করাই তার লক্ষ্য। কারও প্রয়োজন মেটাতে সে বয়ে চলে না। আর যারা সুন্দরকে ভালোবাসে, তাদের উদ্দেশেই ঝর্ণা বিরামহীনভাবে ছুটে চলে। আলোচ্য চরণে এ বিষয়টিই প্রকাশিত হয়েছে।
প্রশ্ন: ‘চপল পায় কেবল ধাই’ পঙ্ক্তিটির মাধ্যমে কবি কী বুঝিয়েছেন?
উত্তর: ‘চপল পায় কেবল ধাই’ বলতে ঝর্ণার চঞ্চল গতিকে বোঝানো হয়েছে। ঝর্ণা প্রকৃতির মাঝে সৃষ্টি করে এক অপূর্ব দৃশ্যের। পাহাড়ের নির্জন প্রকৃতির মাঝে সব বাধা উপেক্ষা করে এগিয়ে চলে ঝর্ণা। ঝর্ণার চঞ্চল গতির কারণেই তার সৌন্দর্য দ্বিগুণ হয়ে ওঠে। মানব হৃদয়কে আকর্ষণ করে।
লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, উত্তরা, ঢাকা
কবীর