পঞ্চম অধ্যায় : স্বল্প ও মধ্যমেয়াদি অর্থায়ন
(গত ২৮ ডিসেম্বর প্রকাশের পর)
অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: ব্যবসায় ঋণের অর্থায়নের ব্যয় কীসের ওপর নির্ভর করে? ব্যাখ্যা করো।
উত্তর: ব্যবসায় ঋণের ব্যয় কত হবে তা নির্ভর করে যেসব বিষয়ের ওপর তার মধ্যে প্রধান বিষয় হচ্ছে বিক্রেতা কর্তৃক প্রদত্ত ঋণের শর্ত। এ শর্তের মধ্যে একটি গুরুত্বপূর্ণ শর্ত হলো নগদ বাট্টার হার।
যদি বিক্রেতা প্রদত্ত নগদ বাট্টার উল্লেখ না করে তাহলে ব্যবসায় ঋণের কোনো ব্যয় থাকে না। অন্যদিকে বিক্রি করার শর্তে যদি নগদ বাট্টার কথা উল্লেখ থাকে এবং যদি ক্রেতা-বিক্রেতা প্রদত্ত নগদ বাট্টার সুবিধা গ্রহণ করে বা গ্রহণ না করে তাহলে ব্যয় ভিন্ন রকম হবে।
প্রশ্ন: ‘ব্যবসায় ঋণ ব্যয়মুক্ত’ ব্যাখ্যা করো।
উত্তর: ব্যবসায় ঋণ বলতে পুনরায় বিক্রির জন্য ক্রেতা বিক্রেতার কাছ থেকে ধারে পণ্য কেনার ফলে সৃষ্ট ঋণকে বোঝায়।
ধারে কেনার ক্ষেত্রে যদি নগদ বাট্টার সুযোগ দেওয়া না থাকে সেক্ষেত্রে ব্যবসায় ঋণ ক্রেতার দৃষ্টিকোণ থেকে ব্যয়মুক্ত হবে। এক্ষেত্রে নগদ বাট্টার সুযোগ হারানোর কোনো বিষয় জড়িত থাকে না। ব্যবসায় ঋণের ব্যয় বলতে নগদ বাট্টার সুযোগ গ্রহণ না করায় ব্যয়কে বোঝায়। সুতরাং ধারে কেনাবেচার ক্ষেত্রে বিক্রি করার শর্তের মধ্যে নগদ বাট্টার সুযোগ দেওয়া না থাকলে ব্যবসায় ঋণের ব্যয় সৃষ্টি হবে না। তাই ব্যবসায় ঋণ ব্যয়মুক্ত হয়।
প্রশ্ন: প্রাপ্য বিল ব্যবস্থাপনা বলতে কী বোঝায়?
উত্তর: কী পরিমাণ পণ্য কোন ধরনের ক্রেতার কাছে বিক্রি করা উচিত এবং কত সময়ের মধ্যে বিলগুলো দ্রুত আদায় হবে এ সংক্রান্ত ব্যবস্থাপনাকে প্রাপ্য বিল ব্যবস্থাপনা বলে।
চলতি সম্পদের একটি বড় অংশ প্রাপ্য বিলে বিনিয়োজিত থাকে। তাই কী পরিমাণ পণ্য ধারে বিক্রি করা উচিত, কোন ধরনের ক্রেতার কাছে বিক্রি করা উচিত, পণ্যের মূল্য পরিশোধে ক্রেতাকে কত দিন সময় দেওয়া উচিত, কীভাবে প্রাপ্য বিলগুলো দ্রুত আদায় করা যায় ইত্যাদি প্রাপ্য বিল ব্যবস্থাপনার মূল আলোচ্য বিষয়।
প্রশ্ন: ‘সংগ্রহ সময় (লিড টাইম) এর সঙ্গে মজুত ব্যয়ের ধনাত্মক সম্পর্ক বিদ্যমান।’ ব্যাখ্যা করো।
উত্তর: মজুত ব্যয় বলতে ফরমায়েশ ব্যয় বা পণ্যদ্রব্য সংগ্রহ ব্যয় ও মজুত ব্যয়কে বোঝায়।
লিড টাইম বা সংগ্রহ সময় বাড়লে পুনঃফরমায়েশ স্তর বাড়বে, যার ফলে মজুত ব্যয় বৃদ্ধি পায়। অন্যদিকে লিড টাইম কমলে পুনঃফরমায়েশ স্তর কমে, ফলে মজুত ব্যয় হ্রাস পায়। তাই বলা যায়, সংগ্রহ সময় বা লিড টাইমের সঙ্গে মজুত ব্যয়ের ধনাত্মক সম্পর্ক বিদ্যমান।
প্রশ্ন: পুনঃফরমায়েশ স্তর বলতে কী বোঝায়?
উত্তর: পুনঃফরমায়েশ স্তর বলতে সেই স্তরকে বোঝায় যে স্তরে মজুত পণ্যের পরিমাণ কমে আসলে পুনরায় ফরমায়েশ দিতে হয়।
পুনঃফরমায়েশ স্তর কিছু কিছু বিষয় যেমন- কাঁচামালের স্বাভাবিক ব্যবহার, মজুত পণ্যের প্রক্রিয়াকরণে অপ্রত্যাশিত দেরি ইত্যাদি বিবেচনা করে নির্ধারণ করতে হয়। পুনঃফরমায়েশ স্তর নির্ণয় ভুল হলে উৎপাদন ব্যাহত হওয়ার সম্ভাবনা থাকে।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর