চাকরির ইন্টারভিউয়ে প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা প্রশ্ন করার পেছনে থাকে একটা উদ্দেশ্য– আপনি এই পদের জন্য কতটা উপযোগী তা যাচাই করা। ঠিক তেমনি ‘এ বিষয় নিয়ে পড়াশোনা করলেন কেন?’ চাকরির ইন্টারভিউতে এ ধরনের প্রশ্ন করার মূল উদ্দেশ্য হলো আপনার আগ্রহ ও নীতি সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া। এবং আপনি যে পদে আবেদন করেছেন, তার জন্য কতটা উপযুক্ত তা যাচাই করা।
‘এ বিষয় নিয়ে কেন পড়াশোনা করেছেন?’- এ প্রশ্নের উত্তর কীভাবে দেবেন তা নিচে উল্লেখ করা হলো-
প্রশ্নকর্তা কী জানতে চাচ্ছেন তা বোঝার চেষ্টা করুন
আপনার সিভিতে কোনো বিষয়ের গ্র্যাজুয়েট লেখা আছে মানেই এই না যে আপনি ওই বিষয়ের চাকরির জন্য যোগ্য। আবার তার মানে এটাও না যে আপনি অন্য কোনো বিষয়ের চাকরির জন্য যোগ্য না।
ইন্টারভিউয়ারের এ প্রশ্ন করার পেছনে উদ্দেশ্য হচ্ছে- আপনার আগ্রহের বিষয়গুলো এবং স্কিলসেট সম্পর্কে ধারণা অর্জন। কারণ কোনো বিষয়ে ডিগ্রি থাকাই ওই বিষয়ে দক্ষতার পরিচয় বহন করে না। একজন আর্কিটেকচার গ্র্যাজুয়েটের পক্ষেও সফটওয়্যার ডেভেলপার হিসেবে কাজ করা সম্ভব, যদি তার সঠিক স্কিল থাকে।
এ ছাড়া পড়াশোনার পাশাপাশি আপনার এক্সট্রা-কারিকুলার অভিজ্ঞতা বর্ণনা করার জন্যও এটা একটা ভালো সুযোগ। বিশ্ববিদ্যালয় পড়াশোনা ছাড়াও আরও অনেক ধরনের সুযোগ-সুবিধা দেয়। বিভিন্ন ক্লাবের কার্যক্রমে অংশগ্রহণ থেকে শুরু করে ব্যক্তিগত কোনো প্রজেক্ট– এসব কিছুর উল্লেখ করে নিজের দক্ষতাকে ইন্টারভিউয়ারের সামনে উপস্থাপন করুন।
পড়াশোনার বিষয় থেকে অর্জিত জ্ঞান ব্যবহারের উদাহরণ দিন
আপনার পড়াশোনার বিষয় হয়তো ইংরেজি। কিন্তু আপনি সেলস অথবা বিজনেস ডেভেলপমেন্টে কাজ করতে চাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতা থেকে অর্জিত জ্ঞান কীভাবে আপনাকে করপোরেট জগতে এগিয়ে যেতে সাহায্য করবে তা গুছিয়ে ইন্টারভিউয়ারের সঙ্গে আলোচনা করুন। তখনই তিনি আপনার ব্যাপারে আগ্রহী হবেন।
পছন্দের পেশা ও পড়াশোনার বিষয়ের মধ্যে মিল খুঁজুন
আপনার ইংরেজি সাহিত্যের ডিগ্রির সঙ্গে বিজনেস ডেভেলপমেন্টের ঠিক কী মিল আছে? এমন কী কী কাজ বা অভিজ্ঞতা আপনার পড়াশোনার সময় হয়েছে, যা চাকরিজীবনেও আপনার করতে হতে পারে, কোন সমস্যাগুলোর সমাধান করেছেন, যা ক্যারিয়ারের বিভিন্ন পরিস্থিতির জন্য আপনাকে প্রস্তুত করেছে- ইন্টারভিউ শুরুর আগেই এ বিষয়গুলো ভেবে নিন।
সব বিষয়ের পড়াশোনাতেই কিছু ‘ট্রান্সফারেবল স্কিল’ শেখার সুযোগ থাকে। কেন একটি বিষয় নিয়ে পড়াশোনা করেছেন তার উত্তর আপনার জ্ঞান ও দক্ষতাকে উপস্থাপন করার বড় সুযোগ। তবে এমন কোনো স্কিল নিয়ে কথা বলবেন না, যা আপনার পছন্দের ক্যারিয়ারের সঙ্গে সম্পর্কিত নয়।
আগ্রহ উপস্থাপন করুন
বর্তমান যুগের তরুণ চাকরিজীবীরা পেশা বেছে নেওয়ার ক্ষেত্রে বেতনের চেয়ে পছন্দকে বেশি গুরুত্ব দেওয়া শুরু করেছেন। আজকের দিনের চাকরিজীবীরা তাদের কাজের ব্যাপারে উৎসাহী। তারা কাজকে ভালোবাসেন বলেই এই পেশা বেছে নিয়েছেন। আর চাকরিদাতারাও চান এমন কাউকে নিয়োগ দিতে, যে উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে তার কাজ সম্পন্ন করবেন।
তারেক