বর্তমান বিশ্বের তরুণ সমাজ স্টার্টআপের দিকে ঝুঁকছে। তারা স্টার্টআপের জীবন বেছে নিয়ে জীবনের সমস্ত সময়, শক্তি এবং অর্থ ভবিষ্যতের জন্য বিনিয়োগ করছে। তারা বিশ্বাস করে চাহিদা অনুসারে ইনোভেটিভ পণ্য বা সেবা তৈরির মাধ্যমে একটি স্টার্টআপ তৈরি করতে পারলে আস্তে আস্তে এটাকে বড় করার মাধ্যমে একটি বড় করপোরেশন তৈরি করা সম্ভব।
তবে যদি প্রশ্ন করি-বড় মূলধন বা বিনিয়োগ ছাড়া কি ব্যবসা শুরু করা সম্ভব? উত্তর হলো, অবশ্যই সম্ভব। বিশ্বের অনেক সফল স্টার্টআপ ক্ষুদ্র বিনিয়োগ দিয়ে যাত্রা শুরু করেছে। সঠিক পরিকল্পনা, প্রযুক্তির ব্যবহার ও নতুন চিন্তাধারা দিয়ে ছোট থেকে বড় হওয়া তাদের সাফল্যের মূলমন্ত্র। ক্ষুদ্র বিনিয়োগে স্টার্টআপ শুরুর ৭টি কার্যকর কৌশল জেনে নেওয়া যাক।
নির্দিষ্ট বাজার বেছে নিন
ব্যবসার শুরুতে বড় পরিসরে না গিয়ে বরং একটি নির্দিষ্ট বাজারকে লক্ষ্য করে এগিয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ। এই নির্দিষ্ট বাজার বা ‘নিস’ হলো এমন একটি ক্ষেত্র, যেখানে প্রতিযোগিতা কম এবং লক্ষ্য করা যায় সুনির্দিষ্ট গ্রাহকদেরকে, যেমন শুধু অর্গানিক মধু, স্থানীয় হস্তশিল্প অথবা শিশুদের জন্য বিশেষ অনলাইন ক্লাস। এতে সীমিত পণ্যের কারণে খরচ কম, প্রচারণা এবং গ্রাহক ধরে রাখা সহজ হয়।
অনলাইন প্ল্যাটফর্মকে কাজে লাগান
বর্তমানে ফিজিক্যাল দোকান বা অফিস না থাকলেও ব্যবসা চালানো যায়। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব কিংবা ই-কমার্স মার্কেটপ্লেস (যেমন দারাজ, আজকেরডিল) ব্যবহার করে ব্যবসা শুরু করা সম্ভব। প্রাথমিকভাবে একটি ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম শপ বা সাধারণ ওয়েবসাইটই যথেষ্ট। এ ছাড়া অনলাইন মাধ্যমে প্রচার তুলনামূলক কম খরচে করা যায় এবং তাৎক্ষণিকভাবে অনেক মানুষের কাছে পৌঁছানো যায়। ফলে ভাড়া, সাজসজ্জা বা কর্মচারীর খরচ কমে যায়।
দক্ষতা ও জ্ঞানকে ব্যবসায় রূপ দিন
ক্ষুদ্র বিনিয়োগ শুধু অর্থ নয়, বরং নিজের দক্ষতা এবং সময়ও এক ধরনের বিনিয়োগ। যাদের লেখালেখি, ডিজাইন, প্রোগ্রামিং, রান্না বা কারিগরি কাজের দক্ষতা রয়েছে, তারা অল্প খরচে তা থেকে আয়ের পথ তৈরি করতে পারেন। একজন গ্রাফিক ডিজাইনার ফ্রিল্যান্স কাজের পাশাপাশি অনলাইন কোর্স বিক্রি করতে পারেন। এ ছাড়া রান্নায় দক্ষ কেউ ঘরে তৈরি খাবার ডেলিভারি সার্ভিস চালু করতে পারেন।
মিনিমাম ভায়াবল প্রোডাক্ট বাজারে ছাড়ুন
প্রাথমিক পর্যায়ে পরিপূর্ণ পণ্য বাজারে আনার চেষ্টা ভুল হতে পারে। বরং মিনিমাম ভায়াবল প্রোডাক্ট (এমভিপি) বা ন্যূনতম কার্যকর পণ্য বাজারে ছাড়ুন। এতে অল্প বিনিয়োগে ব্যবসা শুরু করা সম্ভব। পাশাপাশি গ্রাহকদের প্রতিক্রিয়া দেখে ধীরে ধীরে পণ্য বাড়ানো যায়। উদাহরণস্বরূপ কেউ যদি একটি অ্যাপ তৈরি করতে চান, তা হলে প্রথমে শুধু মৌলিক ফিচারযুক্ত একটি সংস্করণ বানাতে পারেন। পরে ধীরে ধীরে গ্রাহকদের চাহিদা অনুযায়ী সেটি সমৃদ্ধ করবেন।
নেটওয়ার্কিং ও অংশীদারত্ব গড়ে তুলুন
ক্ষুদ্র বিনিয়োগে সফল হতে হলে সঠিক নেটওয়ার্ক তৈরি অত্যন্ত জরুরি। ব্যবসায়িক সেমিনার, কর্মশালা, স্টার্টআপ প্রতিযোগিতা বা অনলাইন উদ্যোক্তা কমিউনিটিতে যুক্ত হয়ে সম্ভাব্য অংশীদার বা গ্রাহকদের সঙ্গে পরিচিত হোন। শক্তিশালী নেটওয়ার্ক থাকলে মার্কেটিংয়ের খরচ কমে যায় এবং সহযোগিতার সুযোগ পাওয়া যায়। এ ছাড়া কো-ফাউন্ডার বা অংশীদার থাকলে খরচ ভাগাভাগি হয়, দায়িত্ব বণ্টন করা হয় এবং ব্যবসার গতি বাড়ে।
প্রযুক্তি ও ফ্রি টুলস ব্যবহার করুন
প্রযুক্তি ক্ষুদ্র বিনিয়োগের সবচেয়ে বড় সহায়ক শক্তি। এ ক্ষেত্রে মার্কেটিংয়ের জন্য ফ্রি সোশ্যাল মিডিয়া টুল; অ্যাকাউন্টিংয়ের জন্য Wave বা Zoho; ডিজাইনের জন্য ক্যানভা; প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য Trello বা Asana— এসব মাধ্যম ব্যবহার করলে আলাদা সফটওয়্যারে খরচ করতে হয় না। এ ছাড়া অটোমেশন বা অনলাইন পেমেন্ট সিস্টেম ব্যবহার করে কম খরচে কার্যকরভাবে ব্যবসা চালানো যায়।
খরচ নিয়ন্ত্রণ করুন
ক্ষুদ্র বিনিয়োগের গুরুত্বপূর্ণ দিক হলো খরচ নিয়ন্ত্রণ। অপ্রয়োজনীয় অফিস সাজসজ্জা, বিলাসবহুল ভাড়া বা অপ্রয়োজনীয় বিজ্ঞাপন দিয়ে শুরু করলে ঝুঁকি বাড়বে। এ জন্য সাশ্রয়ী উপায়ে ব্যবসা পরিচালনা করতে হবে এবং লাভের একটি অংশ পুনর্বিনিয়োগ করতে হবে। একই সঙ্গে দীর্ঘমেয়াদি টেকসই পরিকল্পনা তৈরি করতে হবে, যেমন আগামী ছয় মাস, এক বছর ও তিন বছরের জন্য কীভাবে ব্যবসা এগোবে, সেই লক্ষ্য স্পষ্ট থাকতে হবে। সূত্র: এন্টারপ্রেনার ডটকম ও ফোর্বস
তারেক/