তাসনিয়া ফারিণ এ সময়ের জনপ্রিয় তারকা। ক্যারিয়ারে বইছে তার বসন্ত হাওয়া। অভিনয়ে যেমন নিজেকে নিয়ে যাচ্ছেন অন্য এক উচ্চতায়, তেমনি জীবনে প্রথম গান গেয়েও করেছেন বাজিমাত। বর্তমানে শোবিজে আলোচিত তারকাদের মধ্যে ফারিণের নাম অন্যতম। নাটক, টেলিফিল্ম, ওয়েব সিরিজ এবং ওয়েবফিল্মে নিয়মিত কাজ করে যাচ্ছেন তিনি। মূলত কলকাতার একটি সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার।
এরপর কলকাতার সুপারস্টার দেবের সঙ্গে জুটি হয়ে পর্দায় আসার কথা ছিল। কিন্তু ভিসা জটিলতায় সিনেমাটি করা হচ্ছে না তার। ভারতের পশ্চিমবঙ্গের নির্মাতা অভিজিৎ সেনের পরিচালনায় ‘প্রতীক্ষা’ নামের সিনেমা থেকে সরে এসেছেন ফারিণ।
ফারিণ সে সময় জানিয়েছিলেন, নানা অনিশ্চয়তায় সিনেমাটি থেকে সরে এসেছেন তিনি। সিনেমার প্রযোজক অতনু রায় চৌধুরীর সঙ্গে দীর্ঘসময় কথা বলে এমন সিদ্ধান্ত গ্রহণ করেছেন তিনি।
এবার ফারিণের ভক্তদের দিলেন সুখবর। কারণ নতুন একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন এই তারকা অভিনেত্রী। সিনেমার নাম ‘হাউ সুইট’।
আর এটি পরিচালনা করবেন দেশের আলোচিত নির্মাতা কাজল আরেফিন অমি।
নাটক, ওয়েব সিরিজের পর দীর্ঘদিন ধরেই অমি সিনেমা নির্মাণের কথা বলে আসছিলেন। অবশেষ এই নির্মাতা তার ক্যারিয়ারের প্রথম সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। আর এই সিনেমায় নায়িকা হিসেবে বেছে নিয়েছেন তাসনিয়া ফারিণকে। ছবিতে ফারিণ নায়ক হচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় তারকা জিয়াউল ফারুক অপূর্ব।
তবে এই সিনেমা প্রেক্ষাগৃহের জন্য নয়, এটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে। গতকাল রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই সিনেমার ঘোষণা দেন নির্মাতা ও প্রযোজক।
আসছে বিশ্ব ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) সিনেমাটি মুক্তি পাবে বঙ্গতে।
অপূর্বকে সর্বশেষ দেখা গেছে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর ‘গোলাম মামুন’ সিরিজে। এ ছাড়া মুক্তির অপেক্ষায় আছে এই অভিনেতার ‘চালচিত্র’ নামের একটি সিনেমা। কলকাতার এই সিনেমাটি পরিচালনা করেছে প্রতীপ ডি গুপ্ত।
অন্যদিকে তাসনিয়া ফারিণ বর্তমানে নাটকে কম অভিনয় করছেন। কলকাতার ‘আরও এক পৃথিবী’ দিয়ে সিনেমায় অভিষেক হলেও পর পর দুটি টলিউডের সিনেমা হাতছাড়া হয় তার। তবে ঢাকার ‘ফাতিমা’ সিনেমার সুবাদে ইরানের ‘ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ থেকে পুরস্কৃত হয়েছেন তিনি।
হাসান