বলিউড বাদশাহ শাহরুখ খান। সিনেমা জগতের বাইরে ব্যবসায়িক কার্যক্রম ছাড়াও আরো নানা ক্ষেত্রে যার হস্তক্ষেপ রয়েছে। এই যেমন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দর্শকপ্রিয় দল কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) স্বত্ত্বাধিকারী তিনি। তিনবারের চ্যাম্পিয়নও তারা। অথচও শুরুতে শাহরুখের প্রাথমিক পছন্দের তালিকায় কলকাতার ফ্র্যাঞ্চাইজিটি নাকি ছিলই না। সম্প্রতি এক পডকাস্টে এমনটাই জানিয়েছেন আইপিএলের প্রতিষ্ঠাতা ললিত মোদী।
ললিত মোদী জানান, টুর্নামেন্টের শুরু থেকেই কেকেআর ভক্তদের প্রিয় একটি দলে পরিণত হয়েছিল। কিন্তু এই দলটি শাহরুখের প্রাথমিক পছন্দের তালিকায়ও ছিল না। বলিউড সুপারস্টার প্রাথমিকভাবে দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর এবং আহমেদাবাদের মত শহরের ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রতি আগ্রহী ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত কলকাতায় যান তিনি।
রাজ শামানির এক পডকাস্টে মোদি এ বিষয়ে বলেন, ‘প্রত্যেক ব্যক্তিই সকল দলের জন্য বিড করতে পারতেন। শাহরুখের প্রধান আকর্ষণ ছিল আহমেদাবাদ এবং মুম্বাইয়ের প্রতি। কিন্তু তার করা বিডের পরিমাণ ছিল কম। তাই তিনি কলকাতা পেয়েছিলেন। তার প্রথম পছন্দ ছিল মুম্বাই কিন্তু মুকেশ আম্বানি মুম্বাই নিয়েছিলেন। শাহরুখের দ্বিতীয় পছন্দের ছিল ব্যাঙ্গালোর কিন্তু বিজয় মাল্য সেটি পেয়েছিলেন। কিং খানের তৃতীয় পছন্দে দিল্লি থাকলেও সেটিও তার হাতছাড়া হয়ে যায়। কারণ তার বিড এর পরিমাণ ছিল অনেক কম। তার বিড ছিল ৭০-৮০ মিলিয়নের মত, আর এই শহরগুলোর দাম ছিল ১০০ মিলিয়ন। কলকাতার দাম ছিল ৮৫-৮৭ মিলিয়ন। তাই শাহরুখ কলকাতাই পেয়েছিল।’
‘আইপিএলের জন্য শাহরুখও অনেক গুরুত্বপূর্ণ ছিলেন। কারণ তার জন্য স্টেডিয়ামে মহিলা ও শিশুদের উপস্থিতি বেশি হতো। আমি মনে মনে বলেছিলাম, স্টেডিয়ামে লোক আনতে আমার শাহরুখ খানকে দরকার’ –যোগ করেন ললিত মোদী।
উল্লেখ্য, ২০০৮ সালে যাত্রা শুরু করা কলকাতা নাইট রাইডার্সের যৌথ মালিকানায় আছেন শাহরুখ খান, জুহি চাওলা এবং তার স্বামী জয় মেহতা।
হাসান


.jpg)