কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী ইমন চক্রবর্তী। একের পর এক জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। পেয়েছেন জাতীয় পুরস্কারও। সব ধরনের গানেই নিজেকে প্রমাণ করেছেন ভারতীয় এই শিল্পী। এবার ক্যারিয়ারে নতুন পালক যুক্ত হলো। আর তা হলো অস্কারের মঞ্চে পৌঁছে গেছে ইমনের গান।
২০২৫ সালের মার্চ মাসে অনুষ্ঠিত হবে একাডেমি অ্যাওয়ার্ড (অস্কার)। সারা বিশ্ব থেকে প্রায় ৮৯টি গান ও ১৪৬টি আবহসংগীতকে বেছে নেওয়া হয়েছে। সেখানেই রয়েছেন ইমন চক্রবর্তীর একটি গান। এই গানের মাধ্যমেই প্রথম কোনো বাঙালি গায়িকার গান অস্কারের মঞ্চে যাচ্ছে।
ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত চলচ্চিত্র ‘পুতুল’-এর ‘ইতি মা’ গানটি স্থান করে নিয়েছে অস্কারের তালিকায়।
ভারতীয় বাঙালি এই গায়িকার সঙ্গে প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন লেডি গাগা, এলটন জন, মাইলি সাইরাস, এড শিরানের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকারা। এমন খবরে আনন্দিত হয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ইমন।
ভারতীয় গণমাধ্যমকে ইমন বলেন, ‘আমি এখনো হজম করে উঠতে পারছি না বিষয়টা। আমাকে কেউ চিমটি কাটুক। আসলে এমন পরিস্থিতিতে আমার পেটের মধ্যে কেমন গুড়গুড় করতে থাকে।’
খবর পেয়েই প্রথম সে কথা ইমন জানিয়েছেন ‘সারেগামাপা’-এর সেটের বন্ধু, সহ-বিচারকদের। তার পর তিনি খবর দিয়েছেন স্বামী নীলাঞ্জনকে। ইমন বলেন, ‘আমার বাবা একটু দেরিতে ঘুম থেকে ওঠেন, তাই একটু দেরিতে বাবাকে ফোন করলাম।’
হাসান