দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বাংলার গণ্ডি পেরিয়ে কাজ করেছেন বলিউডেও। ‘কাড়াক সিং’ ওয়েবফিল্মে বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে অভিনয় করেছেন তিনি। জয়া আহসান ফ্যাশন সচেতন একজন অভিনেত্রী। ফ্যাশনের ক্ষেত্রে সব সময়ই তিনি সময়কে ধরতে চেষ্টা করেন। প্রায়ই পোশাক-আশাক নিয়ে করে থাকেন নানা এক্সপেরিমেন্ট। যেসব নিয়ে সোশ্যাল হ্যান্ডেলে আলোচনাও তৈরি হয় তাকে নিয়ে। এবার জামদানিতে অন্য এক জয়ার দেখা মিলল।
গত ১ ডিসেম্বর মুম্বাইতে অনুষ্ঠিত হয়েছে ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসের পঞ্চম আসর। সিরিজ, সিনেমা ও সমালোচক- এই তিন ক্যাটাগরিতে ৩৯টি পুরস্কার প্রদান করা হয়। বলিউড ও টালিউডের তারকাদের পাশাপাশি অনুষ্ঠানে অতিথি হয়ে উপস্থিত ছিলেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসানও। ‘ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড-২০২৪’-এ তিনি পেয়েছেন বিশেষ পুরস্কার। ক্রেস্ট তুলে দিয়েছেন পুরস্কারপ্রাপ্তদের হাতেও। বলিউডের এ অনুষ্ঠানেই জয়া হাজির হয়েছিলেন ঢাকার ঐতিহ্যবাহী জামদানি পরে। তবে শাড়ি নয়, এই অভিনেত্রী জামদানি পরেছিলেন বিশেষ ঢঙে। এটাই সবাইকে আকৃষ্ট করেছে।
গত মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড ২০২৪’-এর কয়েকটি ছবি প্রকাশ করেন জয়া নিজেই। জানা যায়, জয়ার পরনের শাড়িটি তৈরি করতে প্রায় ৬ মাস সময় লেগেছে।
কয়েকটি ছবি শেয়ার করে ফেসবুকে জয়া লিখেছেন, ‘আমি যে সংস্কৃতি ধারণ করি, কোনো অনুষ্ঠানে গেলে তা উপস্থাপন করার চেষ্টা করি। একজন শিল্পী হিসেবে এটা আমার কাছে গুরুত্বপূর্ণ। বাংলাদেশি ঢাকাই জামদানি আমার জন্য একটি গুরুত্বপূর্ণ জিনিস। আমি জামদানি শাড়ির গতানুগতিক ব্যবহারের ধরন ভাঙতে চেয়েছি। আমি মনে করি, এটি করার জন্য ফিল্মফেয়ারের চেয়ে আর কোনো ভালো জায়গা নেই।’
তিনি আরও লিখেছেন, ‘খ্যাতিমান শিল্পীদের সঙ্গে এখানে দেখা করার সুযোগ হয়। এখানে অংশগ্রহণ করতে পারা সৌভাগ্যের বিষয়। ফিল্মফেয়ার কর্তৃপক্ষকে ধন্যবাদ।’
জয়ার এই পোস্ট নিয়ে মুহূর্তেই শুরু হয় আলোচনা। অনেকেই জয়ার লুক ও পোশাক দেখে প্রশংসা করেছেন। জামদানিকে ভিন্নভাবে উপস্থাপনের জন্য বাংলাদেশের অনেক তারকা জয়াকে বাহবা দিয়েছেন।
লাক্স তারকা অভিনেত্রী মৌসুমী হামিদ কমেন্টে লিখেছেন, ‘আমার চোখ আর নিতে পারছে না। তোমার তুলনা তুমিই।’
রুনা খান জয়ার পোস্ট শেয়ার করে লিখেছেন, ‘আহা কন্যা! কীভাবে তোমাকে বলব, কতটা ভালোবাসি আমি তোমাকে।’
‘ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড ২০২৪’ আসরে সঞ্চালক যখন জয়াকে মঞ্চে ডাকছিলেন, বলছিলেন ‘ফাইন অ্যাকট্রেস অব বেঙ্গল’, তখন দর্শক সারিতে ছিলেন কারিনা কাপুর, অভিষেক বচ্চন, বিজয় ভার্মা, মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহাসহ অনেকেই।
জয়া আহসান অভিনীত কলকাতার সিনেমা ‘ওসিডি’ মুক্তির অপেক্ষায় রয়েছে।
সাইকোলজিক্যাল গল্প নিয়ে নির্মিত এই সিনেমায় অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছেন জয়া। এ ছাড়া মুক্তির মিছিলে আছে ‘পুতুলনাচের ইতিকথা’, ‘কালান্তর’, ‘নকশী কাঁথার জমিন’ প্রভৃতি।
হাসান