বিজয় দিবস স্মরণে নাট্যসংগঠন স্বপ্নদলের দেশ-বিদেশে প্রশংসিত প্রযোজনা ‘ত্রিংশ শতাব্দী’ নাটকের বিশেষ মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় নাটকটি মঞ্চস্থ করবে নাট্যদল।
বাদল সরকারের মূল রচনা অবলম্বনে গবেষণাগার নাট্য ‘ত্রিংশ শতাব্দী’র রূপান্তরসহ নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।
নাটকটিতে অভিনয়ে রয়েছেন- জুয়েনা শবনম, ফজলে রাব্বি সুকর্ণ, শিশির সিকদার, সামাদ ভূঞা, শাখাওয়াত শ্যামল, জেবুন নেসা, সুমাইয়া শিশির, সোনালী রহমান, অর্ক অপু, অনিন্দ্য অন্তরিক্ষ, জাহিদ রিপন প্রমুখ।
‘ত্রিংশ শতাব্দী’র মূল কাহিনি পৃথিবীর ইতিহাসের কলঙ্কজনক অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জাপানের হিরোশিমা-নাগাসাকির আণবিক বোমা বিস্ফোরণের অপ্রত্যাশিত পরিণতি। এর সমান্তরালে গুরুত্বের সঙ্গে উপস্থাপিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বসনিয়া, ইসরাইল-ফিলিস্তিন, আফগানিস্তান, পাকিস্তান-ভারত, ইরাকে আগ্রাসন, কুয়েত-তিউনিশিয়া-ইয়ামেন-সিরিয়া-তুরস্ক-মায়ানমার-গুলশানে বর্বর হামলা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের নেতিবাচকতাসহ আরও নানা প্রসঙ্গ।
উল্লেখ্য, শান্তির স্বপক্ষে তথা যুদ্ধ ও আণবিক অস্ত্রবিরোধী সচেতনতা তৈরিতে ২৩ বছর ধরে ‘হিরোশিমা দিবস’ পালন এবং নিয়মিতভাবে ‘ত্রিংশ শতাব্দী’ মঞ্চায়ন করে আসছে স্বপ্নদল। পাশাপাশি স্বাধীনতা ও বিজয়ের মাসে দুটি বিশেষ প্রদর্শনী করে থাকে দলটি। সে ধারাবাহিকতায় আজ প্রযোজনাটির ১২৪তম মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ‘ত্রিংশ শতাব্দী’ দেশের বাইরে জাপানের প্রধান নাট্যোৎসব ‘ফেস্টিভ্যাল/টোকিও ২০১৮’, যুক্তরাজ্যের লন্ডনে ইউরোপের স্বনামখ্যাত নাট্যোৎসব ‘এ সিজন অব বাঙলা ড্রামা ২০১৫’, নয়াদিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামাতে (এনএসডি) এশিয়ার বৃহত্তম ও ভারতের রাষ্ট্রীয় নাট্যোৎসব ‘ভারত রঙ্গ মহোৎসব ২০১৫’সহ ভারতের নানা স্থানে আমন্ত্রিত প্রদর্শনীর মাধ্যমে প্রশংসিত হয়েছে।
হাসান