জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ক্যারিয়ারে সুসময় পার করছেন তিনি। এই অভিনেত্রী তার দীর্ঘ ১৪ বছরের ক্যারিয়ারে প্রথম অভিনয় করেছেন সিনেমায়। সিনেমার নাম ‘সাবা’। আর এই সিনেমা নিয়েই দেশ-বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে ঘুরে বেড়াচ্ছেন তিনি। টরন্টো, বুসান, কায়রো হয়ে মেহজাবীন বছরের শেষটা কাটাচ্ছেন সৌদি আরবের জেদ্দায়। যেখানে তিনি এখন সময় কাটাচ্ছেন হলিউডের অস্কারজয়ী তারকা ছাড়াও বলিউডের শীর্ষ তারকাদের সঙ্গে, তাও আবার খাঁটি বাঙালির সাজে। নতুন সিনেমা ‘সাবা’ নিয়ে সৌদি আরবের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গিয়েছেন মেহজাবীন। সেখানে গিয়ে তিনি পরেছেন দেশের সুপরিচিত আদ্রিয়ানার চোখ জুড়ানো নীল শাড়ি।
‘দ্য নিউ হোম অব ফিল্ম’ প্রতিপাদ্য নিয়ে গত ৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) থেকে সৌদি আরবের জেদ্দার প্রাণকেন্দ্র আল-বালাদ শহরের কালচার স্কয়ারে শুরু হয়েছে রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চতুর্থ আসর। ‘সাবা’ নির্মাণ করেছেন মাকসুদ হোসেন।
উৎসবের উদ্বোধনী আসরে নামি তারকাদের সঙ্গে লাল গালিচায় হেঁটেছেন মেহজাবীন চৌধুরী ও নির্মাতা মাকসুদ হোসেন।
মেহজাবীন নিজেই উৎসবের নানা মুহূর্তের ছবি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এর মধ্যে দেখা মিলেছে হলিউডের অস্কারজয়ী বিখ্যাত অভিনেতা উইল স্মিথ এবং ব্রিটিশ অভিনেত্রী এমিলি ব্লান্টের সঙ্গে একান্তে ছবি তুলতে। সেগুলো প্রকাশ করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, “রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল গ্র্যান্ড ওপেনিং নাইটে একমাত্র বাংলাদেশি সিনেমা হিসেবে ‘সাবা’ প্রতিনিধিত্ব করছে। এখন পারস্পরিক সাংস্কৃতিক বিনিময় চলছে এবং বিশ্বের গুরুত্বপূর্ণ উৎসবের অংশ হতে পেরে আমি সম্মানিত বোধ করছি।”
মেহজাবীন ছাড়াও ‘সাবা’ সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী রোকেয়া প্রাচী। সিনেমায় দেখানো হয়েছে এক পক্ষাঘাতগ্রস্ত মা ও তার মেয়ের গল্প। মা অসুস্থ হওয়ার পর থেকে তার দেখাশোনার পুরো দায়িত্ব পালন করেন সাবা। মায়ের চিকিৎসার অর্থ জোগাড় করার জন্য তাকে কাজ নিতে হয় সিসা বারে।
বিশ্বের বিভিন্ন প্রান্তের ১৫টি চলচ্চিত্রের সঙ্গে লড়ছে ‘সাবা’। এ উৎসবে ‘সাবা’র তিনটি প্রদর্শনী রাখা হয়েছে। আজ ৮ ডিসেম্বর কালচার স্কয়ার-সিনেমা ১-এ হবে এর প্রথম প্রদর্শনী। এরপর আগামীকাল ও ১৪ ডিসেম্বর একই স্থানে আরও দুটি প্রদর্শনী হবে। উৎসবটি চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। উৎসবে ‘সাবা’র পরিচালক মাকসুদ হোসেন অংশ নিচ্ছেন। উৎসবের এবারের আসরে ৮১টি দেশের ১২০টি চলচ্চিত্রের প্রদর্শনী হবে।
নির্মাতা মাকসুদ বলেন, “রেড কার্পেট আয়োজনে ছিল আমাদের জন্য চমক। সাধারণত দেখা যায়, নির্বাচিত সিনেমার পরিচালকরা একই সময়ে রেড কার্পেটে হাঁটেন। সেখানে এই উৎসব ছিল ব্যতিক্রম। পাশাপাশি আমির খান, উইল স্মিথসহ আমন্ত্রিত অতিথি সবাই হেঁটেছি। রেড কার্পেট পর্বের পরে উইল স্মিথসহ অনেকের সঙ্গে আমাদের কথা হয়। তিনি আমাদের ‘সাবা’ সিনেমাটি নিয়ে জানতে চান। পরে তাকে গল্পটি বলি। টপিক তার ভালো লেগেছে। আমাদের প্রিমিয়ারে আসার ইচ্ছা পোষণ করেছেন। বলেছেন চেষ্টা করবেন।”
হাসান