ক্লোজআপ ওয়ানখ্যাত তারকা গায়ক রাজীব। বর্তমানে গান নিয়ে ভীষণ ব্যস্ত তিনি। নিয়মিত স্টেজ শোর পাশাপাশি নতুন নতুন মৌলিক গানেও কণ্ঠ দিচ্ছেন এই শিল্পী। এদিকে দীর্ঘ ১৬ বছর পর গান গাইতে সিঙ্গাপুরে যাচ্ছেন রাজীব। প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণে আগামী ১৪ ডিসেম্বর তিনি সিঙ্গাপুরের উদ্দেশে উড়াল দিচ্ছেন।
আগামী ১৫ ডিসেম্বর সেখানে স্টেজ শোতে পারফর্ম করবেন তিনি। এরপর ঢাকায় ফিরেই আগামী ১৬ ডিসেম্বর আরেকটি স্টেজ শোতে গান পরিবেশন করবেন। এ ছাড়া চলতি মাসে আরও বেশ কয়েকটি স্টেজ শো রয়েছে তার।
এ সম্পর্কে রাজীব বলেন, ‘দেখতে দেখতে যে মাঝে প্রায় ১৬টা বছর কেটে গেল তা খেয়াল করিনি। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়েই এতটা বছরের কথা মাথায় এল। যাই হোক, ভীষণ ভালো লাগছে যে ১৬ বছর পর সিঙ্গাপুরপ্রবাসী বাংলাদেশি ভাই-বোনদের গান শোনাতে যাচ্ছি। আর শ্রদ্ধেয় বাচ্চু ভাইয়ের কষ্ট কাকে বলে- গানটা শিগগিরই প্রকাশ করব। এই গানটা আমার ভীষণ প্রিয়। তবে এটা সত্যি, দীর্ঘদিন ধরে গানের জগতে আছি। কিন্তু মনের মতো ভালো গান আমার গাওয়া হয়ে ওঠেনি। তবে নিজের অবস্থান নিয়ে আমি সন্তুষ্ট। এটাও ভীষণ সত্যি যে আমার কাছে মৌলিক যে গানই যখন এসেছে আমি অবহেলা করিনি, আমি মন দিয়েই গাইবার চেষ্টা করেছি। প্লে-ব্যাক করেছি, কিন্তু প্লে-ব্যাক ঘিরে আমার যে স্বপ্ন ছিল, আমার বাবা-মায়ের যে স্বপ্ন ছিল তা পূরণ হয়নি।’
হাসান