বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সংস্কারের জন্য গঠিত জাতীয় সার্চ কমিটি আয়োজিত এবং জাতীয় ফিল্ম আর্কাইভের সহযোগিতায় চলচ্চিত্র প্রদর্শনী করা হবে। আগামী ১১ ডিসেম্বর বুধবার সন্ধ্যা ৬টা থেকে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের প্রজেকশন হলে প্রদর্শিত করা হবে সমসাময়িক প্রেক্ষাপটে নির্মিত দেশের তরুণ নির্মাতাদের ৯টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।
প্রদর্শনী শেষে দর্শকদের সঙ্গে একটি প্রশ্নোত্তর পর্বে অংশ নেবেন চলচ্চিত্রগুলোর নির্মাতা এবং কলাকুশলীরা।
এই প্রদর্শনীতে দেখানো হবে লোকার্নো চলচ্চিত্র উৎসবে প্রশংসিত এবং মেহেদি হাসানের নির্মিত ‘এ বোরিং ফিল্ম’, বুসান চলচ্চিত্র উৎসবসহ বিশ্বের উৎসব ঘুরে আসা আরিক আনাম খানের ‘ট্রানজিট’, বিসিটিআই প্রযোজিত এবং আখতারুজ্জামান ইলিয়াসের গল্পের ভাব অবলম্বনে নির্মিত দেবাশীষ দাসের ‘নিরুদ্দেশ যাত্রা’, তাসমিয়াহ আফরিন মৌ-এর স্বল্পদৈর্ঘ্য ‘কবি স্বামীর মৃত্যুর পর আমার জবানবন্দি’, শাটিকাপখ্যাত নির্মাতা তাওকির শাইকের স্বল্পদৈর্ঘ্য ‘আয়না’, গোলাম রাব্বানীর পুরস্কারপ্রাপ্ত স্বল্পদৈর্ঘ্য ‘ছুরত’, তরুণ প্রযোজক হাসিব শাকিল প্রযোজিত ও জায়েদ সিদ্দিকী পরিচালিত ‘দাঁড়কাক’, তরুণ নির্মাতা আল হাসিব খান আনন্দ নির্মিত ‘ব্রিদিং ইজ আ গিফট’।
এ ছাড়া প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মতো প্রিমিয়ার হবে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে নির্মিত এবং ৩টি অস্কার কোয়ালিফাইং উৎসবে প্রশংসা কুড়ানো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নট আ ফিকশন’। এটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা শাহনেওয়াজ খান সিজু।
আয়োজকরা জানিয়েছেন, বিশেষ এই প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
হাসান/নাবিল/